সন্ধান না দিলে সিলেটের ১৯ আসনই হারাবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার এক বছর অতিবাহিত হওয়ায় গতকাল মঙ্গলবার সিলেট নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ করেছেন জেলা বিএনপির নেতারা। ইলিয়াস আলীর সন্ধান না দিলে আগামী জাতীয় নির্বাচনে সিলেটের ১৯ আসনেই আওয়ামী লীগ ঃপরাজিত হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে ইলিয়াস তাঁর গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হন। গতকাল বিকেলে নগরের কোর্ট পয়েন্টে জেলা বিএনপির আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা বক্তৃতা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস ‘নিখোঁজ’ ইস্যুতে সিলেট বিভাগে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।সমাবেশে বক্তারা বলেন, ইলিয়াস আলীকে সরকারই গুম করে রেখেছে। এক বছর অতিক্রান্ত হলেও সরকার ইলিয়াস আলীকে ফিরিয়ে দিচ্ছে না। তাঁরা অনতিবিলম্বে ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার, সহসভাপতি ময়নুল হক চৌধুরী, সোনা মিয়া ও আশিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরী, জেলার কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক আনহার মিয়া, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহসভাপতি আবদুল আহাদ খান, সিলেট সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি এম এ লতিফসহ আরও অনেকে বক্তব্য দেন।