সন্ধান না পাওয়ায় দিশেহারা নড়াইলের দুটি পরিবার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় টেলিটকের বিটিএস (বেজ ট্রান্সসিভার স্টেশন) টাওয়ার স্থাপনের কাজ করতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ অপহূত পাঁচজন কর্মীর দুজনের বাড়ি নড়াইলে। দুজনই তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তাঁদের পরিবারের সদস্যরা।অপহূত ব্যক্তিদের একজন ইমরুল সিকদার সদর উপজেলার তারাপুর গ্রামের লোকমান সিকদারের ছেলে। অপরজন হেমায়েত শেখ কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের রেজাউল শেখের একমাত্র ছেলে।বাঘাইছড়ির মরিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাটে পুলিশি প্রহরায় টেলিটকের টাওয়ার স্থাপনের কাজ সম্প্রতি শেষ হয়। ৮ জুলাই টাওয়ারের চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকা থেকে টেলিটকের নিয়োগ দেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান বি-টেকনোলজির একটি দল বারিবিন্দুঘাটে যায়। এ সময় ওই কোম্পানির প্রকৌশলীসহ পাঁচজনকে অপহরণ করে সন্ত্রাসীরা।লোকমান সিকদার জানান, ১২ জুলাই সন্ধ্যায় ইমরুল তাঁর কাছে ফোন করে বলেন, ‘আব্বা, আমারে বাঁচান। যত টাকা লাগে ছাড়ান। আমাদের চোখ বেঁধে রেখেছে।’ এরপর মুঠোফোনের সংযোগ কেটে দেওয়া হয়।হেমায়েত শেখের নববিবাহিত স্ত্রী শেফালী জানান, ১২ জুলাই সকালে স্বামীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। শেফালী বলেন, ‘কীভাবে পাব ওত টাহা। তিন কোটি টাহা চায়। সরকার না আগাই আসলি ওগো মনে হয় বাঁচানো যাবে না।’বি-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ হোসেনের বাড়ি নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামে। তিনি বলেন, টেলিটকের কর্মী ভেবেই তাঁদের কর্মীদের অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা মূলত টেলিটকের সঙ্গে বোঝাপড়া করতে চায়। তাই টেলিটকের কর্মকর্তারা যোগাযোগ করলে বিষয়টির সুরাহা হতে পারে।