সন্ধান মিলেছে নিখোঁজ সহকারী পোস্টমাস্টারের
বাড়ি থেকে কর্মস্থলে রওনা হয়ে নিখোঁজ হওয়া ফরিদপুরের সহকারী পোস্টমাস্টার সুরেশ চন্দ্র মণ্ডলকে (৫৬) অচেতন অবস্থায় পাওয়া গেল রাজবাড়ী সদর হাসপাতালে। গত রোববার রাত সোয়া ১২টার দিকে ওই হাসপাতাল থেকে মুঠোফোনে তাঁর পরিবারের সদস্যদের এ খবর জানানো হয়।
রাজবাড়ী ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে সুরেশ চন্দ্র মণ্ডলকে তাঁর পরিবারের সদস্যরা মাদারীপুরের কালকিনি উপজেলার কানুরগাঁ গ্রামের নিজ বাড়িতে নিয়ে গেছেন। রোববার বিকেলে কালকিনি থেকে ফরিদপুরে আসার পথে বরিশাল থেকে রাজবাড়ীগামী একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মুঠোফোন ও নগদ সাড়ে তিন হাজার টাকা হারান সুরেশ চন্দ্র মণ্ডল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুরেশ চন্দ্র মণ্ডলের বড় ছেলে মিঠুন মণ্ডল জানান, বরিশাল থেকে রাজবাড়ীগামী একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তাঁর বাবা। এখনো তাঁর সংজ্ঞা ভালোমতো ফেরেনি। তবে যতটুকু জানা গেছে, অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে জোর করে বিস্কুট খাওয়ানোয় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
গত শনিবার বেলা তিনটার দিকে মাদারীপুরের কালকিনি থেকে কর্মস্থল ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হন সুরেশ চন্দ্র মণ্ডল। এ ব্যাপারে রোববার কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সুরেশ চন্দ্র মণ্ডল ফরিদপুরের প্রধান ডাকঘরে সহকারী পোস্টমাস্টার হিসেবে কর্মরত রয়েছেন। তবে তিনি ডেপুটি পোস্টমাস্টার (সঞ্চয়) পদে কাজ করেন।
গতকাল প্রথম আলোয় ‘ফরিদপুরের সহকারী পোস্টমাস্টার নিখোঁজ’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।