সন্ধান মিলেছে 'নিখোঁজ' মহিতোষ হাজরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিন ধরে ‘নিখোঁজ’ থাকার পর মহিতোষ হাজরার সন্ধান মিলেছে। একটি ডাকাতির চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। ২৬ আগস্ট সাতক্ষীরা কারাগার থেকে একটি হত্যা মামলায় জামিনে বের হলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে পরিবারের অভিযোগ।
সন্তানকে জীবিত অবস্থায় ফিরে পেতে সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মহিতোষের মা স্বর্ণলতা হাজরা বলেন, একটি ডাকাতি মামলায় ২০০৯ সালের ২০ মে মহিতোষকে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৬টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে তিনি পাঁচটিতে খালাস ও অন্যগুলোতে জামিন পান। সম্প্রতি একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলে ২৬ আগস্ট সন্ধ্যায় সাতক্ষীরা কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় তিনি, তাঁর মেয়ে ছন্দা ও তাঁদের পরিচিত বসির আহম্মেদ কারাগারের প্রধান ফটকে অপেক্ষা করছিলেন। তবে কারাগারের প্রধান ফটক থেকে বের হওয়ার পরই গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন ব্যক্তি মহিতোষকে একটি সাদা রঙের প্রাইভেট কারে তুলে নিয়ে যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, ডাকাতদের গোপন বৈঠকের খবর পেয়ে সোমবার রাতে সাতক্ষীরার গোপীনাথপুর এলাকায় একটি চিংড়িঘেরের পাশে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও একটি রামদাসহ মহিতোষ হাজরাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, ২৬ আগস্ট জামিন পাওয়ার পর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাঁকে আটক করতে পারে এই ভয়ে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন মহিতোষ।
তবে আদালতের হাজতে মহিতোষ হাজরা সাংবাদিকদের বলেন, কারাগারের ফটকের সামনে থেকে ২৬ আগস্ট সন্ধ্যায় ডিবি পুলিশের সদস্যরা তাঁকে তুলে নিয়ে সাত দিন ধরে একটি ঘরে আটকে রাখেন।
এ বিষয়ে সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক আজমল হোসেন জানান, তাঁরা কাউকে জেলা কারাগারের সামনে থেকে তুলে আনেননি।