কক্সবাজারের মহেশখালী উপজেলায় কেন্দ্রীয় সৈকত বৌদ্ধবিহার থেকে চুরি হওয়া দুটি মূর্তিসহ অন্যান্য মালামাল গত ১৪ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, বুদ্ধমূর্তির সন্ধান পেতে পুলিশ পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে।
গতকাল রোববার বেলা দেড়টায় কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বৌদ্ধবিহারের সামনে সৈকত বৌদ্ধবিহার পরিচালনা কমিটি, বৌদ্ধ সম্প্রদায় ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে পুলিশ সুপার মতবিনিময় করেন।
সভায় পুলিশ সুপার বলেন, চুরি হওয়া বুদ্ধমূর্তি ও অন্যান্য মালামাল উদ্ধারের পাশাপাশি প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য পুলিশ নানাভাবে চেষ্টা করছে। আর কেউ চুরি হওয়া বুদ্ধমূর্তির সন্ধান দিতে পারলে তাকে পুলিশের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা পুরস্কৃত করা হবে। মতবিনিময় সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম, মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. দিদারুল ফেরদাউস, বৌদ্ধ সমিতির জেলা সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া, সাধারণ সম্পাদক জেমসেন বড়ুয়া, রামু সীমাবিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু, স্থানীয় আওয়ামী লীগের নেতা হাসান বশির ও স্থানীয় মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) নির্মলেন্দু চাকমা।
গত ২৩ নভেম্বর রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা কেন্দ্রীয় সৈকত বৌদ্ধবিহারে দুর্ধর্ষ চুরি হয়। দুটি বুদ্ধমূর্তি, টাকাপয়সাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চোর চক্র।