সন্ধ্যা ঘনালে সেতুতে বিপদ

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর ওপর ফকির মজনু শাহ সেতু। যান চলাচলের পাশাপাশি এখানে মানুষ আসে নদীর সৌন্দর্য উপভোগ করতে। তবে সন্ধ্যা ঘনিয়ে এলেই বিপদ। সেতুর কোনো বাতি জ্বলে না।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশে মোট ৩২টি সড়কবাতি (ল্যাম্পপোস্ট)। এগুলোর একটাও সচল নয়। খুঁটিগুলোও বেহাল। বৈদ্যুতিক তার ঝুলে আছে। সেতুর গোড়ায় মূল বৈদ্যুতিক সার্কিট বক্স খোলা অবস্থায় আছে।
সেতুতে কথা হয় মাহমুদ জাকারিয়া নামের একজনের সঙ্গে। তিনি বলেন, ‘ছুটির দিনে এখানে ঘুরতে আসি। ভাবছিলাম আরও কিছুক্ষণ থাকব। কিন্তু কোথাও আলো নেই। শুনছি সন্ধ্যার পর ছিনতাই হয়।’
সেতুটির উত্তর পাশে ইজারা নিয়ে টোল আদায় করে মেসার্স প্রাপ্তি কনস্ট্রাকশন। প্রাপ্তি কনস্ট্রাকশনের লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, সেতুটি চালু হয় ২০০৭ সালের শুরুর দিকে। প্রথম ২-৩ বছর পর্যন্ত সড়কবাতিগুলো সচল ছিল। এরপর হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। মাঝে স্থানীয় সাংসদ এগুলো সচল করলেও কিছুদিন চলার পর আবার নষ্ট হয়ে যায়। প্রাপ্তি কনস্ট্রাকশনের সুপারভাইজার ফিরোজ রহমান বলেন, ‘সবাই মনে করে বাতিগুলো আমাদের দায়িত্বে। এটা সড়ক বিভাগের। সেতুটি দেখার জন্য দোতলা ভবনসহ একজন কর্মচারী আছেন। কিন্তু তিনি কাজই করেন না।’
সেতুটির দক্ষিণ পাশে ওই দোতলা ভবন। স্থানীয় ব্যক্তিরা জানান, এটা সড়ক বিভাগের। ভবনটি বেহাল। কোনো কর্মচারী নেই। সেতু উদ্বোধন হওয়ার দুই বছর পর্যন্ত মোহাম্মদ জামাল নামের একজনকে বেতন দিয়ে রাখা হয়েছিল। তিনি সেতুটির দেখভাল করতেন। এখন তাঁকে বেতন দেওয়া হয় না। তাই তিনি কোনো দায়িত্ব নেন না। তিনি বলেন, ‘আমি ৩০০০ টাকা বেতন পাইতাম। এখন বেতন পাই না। তাই চা বিক্রি করে চলি। আগে বাতিগুলো জ্বলত। বিদ্যুৎ বিল ঠিকমতো দেওয়া হয় না। তাই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’
বিষয়টি নিয়ে কাপাসিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সেলিনা আকতার বলেন, ‘মূল মিটার পর্যন্ত আমাদের বিদ্যুৎ–সংযোগ আছে। ল্যাম্পপোস্টগুলোর দায়িত্ব সড়ক ও সেতু বিভাগের। আমাদের কয়েক মাসের বিল বকেয়া আছে। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু সাড়া পাইনি।’
ইউএনও মাকসুদুল ইসলাম বলেন, সেতুটি সড়ক বিভাগের অধীন। বিষয়টি বারবার সড়ক বিভাগকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি বলেন, ‘২০১৩ সালে বাতিগুলো (ল্যাম্পপোস্ট) সচল করা হয়। তখন ভালোই চলছিল। পরে রক্ষণাবেক্ষণ না করায় হয়তো আবার নষ্ট হয়ে গেছে। এটা সড়ক ও সেতু বিভাগের অধীনে। আমরা এ বিষয়ে কথা বলেছি। আশা করছি, এ মাসের মধ্যেই বাতিগুলো আবার জ্বলে উঠবে।’
গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা প্রথম আলোকে বলেন, ‘এ মাসের মধ্যেই ঠিকাদারের সঙ্গে চুক্তির মাধ্যমে সেতুর বাতিগুলো সচল করা হবে। ঠিকাদার ল্যাম্পপোস্টগুলো দেখভাল করবে এবং যাবতীয় খরচ বহন করবে। বিনিময়ে তারা ল্যাম্পপোস্টে নিজেদের বিলবোর্ড ব্যবহার করবে।