সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত যানজট
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহনের দীর্ঘ যানজট দেখা দিচ্ছে। এতে দুই থেকে তিন ঘণ্টা দেরি হওয়ায় যাত্রী ও কাঁচামাল পরিবহনকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতি রাতে পাঁচ থেকে সাত কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে সড়কে নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।ট্রাকচালকদের দাবি, একটি মাত্র ওজনস্টেশন ও জনবলস্বল্পতার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। আর সেতু কর্তৃপক্ষ বলছে, ওজনস্টেশনে কড়াকড়ি আরোপ করায় কতিপয় কর্মচারীর অবৈধ উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। সে কারণে তাঁরা চালক ও স্থানীয় শ্রমিকদের যোগসাজশে কৃত্রিম যানজট সৃষ্টি করছেন।যানবাহনের চালক ও সেতু রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারের ওজনস্টেশন ও টোলপ্লাজা দিয়ে যানবাহন পারাপারে বিঘ্ন হওয়ায় পাঁচ থেকে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হচ্ছে। সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত স্থায়ী হচ্ছে যানজট।ট্রাকচালক বগুড়ার আজিম উদ্দীন ও মেহাজ আলী জানান, একটি মাত্র ওজনস্টেশন হওয়ায় মালবোঝাই ট্রাকগুলো দ্রুত পরিমাপ করা সম্ভব হয় না। এমনিতেই রাতে কাঁচামালের ট্রাকের সংখ্যা অনেক বেশি। অন্যদিকে কোনো ট্রাকের মাল বেশি হলে সেই ট্রাক থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করার পর পাশে খালাস করার স্থানে পাঠানো হচ্ছে। এ ঘটনায় ট্রাকচালক ও সেতু কর্তৃপক্ষের মধ্যে সড়কের ওপরেই বাগিবতণ্ডা হওয়ায় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যাচ্ছে। কোচের চালক আশরাফ হোসেন জানান, ট্রাকগুলো এলোপাতাড়িভাবে সড়কের ওপর দাঁড়িয়ে থাকায় সরাসরি টোলপ্লাজা দিয়ে পার হওয়া কষ্টকর হয়ে পড়ছে। যে কারণে ঘণ্টার পর ঘণ্টা বিনা কারণেই সড়কের ওপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে একদিকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে অনেক যাত্রী ছিনতাইয়ের শিকার হচ্ছে। একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সেতু কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা-কর্মচারী একই স্থানে দায়িত্ব পালন করায় তাঁদের মধ্যে স্বেচ্ছাচারিতা দেখা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এক সপ্তাহ ধরে দীর্ঘ যানজট হচ্ছে। কিন্তু বলার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করেন। আর রাতের বেলায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় খোলা সড়কের ওপর দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। যে কারণে পুলিশের টহল বৃদ্ধি করেও নিরাপত্তা নিয়ে শঙ্কা দূর করা যাচ্ছে না। টোলপ্লাজায় ছয়টি লেন থাকা সত্ত্বেও সেতু কর্তৃপক্ষ দুটির বেশি লেন খোলা রাখছে না বলে জানান তিনি।এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকা (চায়না এনসিসিসি, শামীম এন্টারপ্রাইজ ও ইউডিসি) প্রতিষ্ঠানের ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি কর্মকর্তা শেখ মাসুমুল হাসান জানান, ওজনস্টেশনে জনবল কম। ওজনস্টেশন বাড়ানোর জন্যও পরামর্শ দেওয়া হয়েছে। ওজনস্টেশনে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যে কারণে নির্দিষ্ট পরিমাপ ছাড়া অতিরিক্ত মালামাল নিয়ে ট্রাক চলাচল করতে পারছে না। কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকেও অব্যাহতি দেওয়া হয়েছে। অনেকের অবৈধ রোজগার বন্ধ হয়ে যাওয়ায় হয়তো তাঁরা স্থানীয় শ্রমিকদের সহায়তায় কৃত্রিম যানজটের সৃষ্টি করতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।সার্বিক বিষয়ে সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, রাতে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যে তা স্বাভাবিক হয়ে যাচ্ছে। ওজনস্টেশন বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার। চাপ বৃদ্ধি পেলে টোলপ্লাজাগুলো খুলে দেওয়া হয়। বর্তমানে তিন থেকে চারটি লেন খোলা রাখা হয় বলে তিনি দাবি করেন।উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু দিয়ে ছয় চাকার ট্রাক ২৪ টন এবং ১০ চাকার ট্রাক সর্বোচ্চ ৩০ টন করে মালামাল পরিবহন করতে পারে। ওজনস্টেশনে একটি ট্রাকের ওজন সামনে ও পেছনে দুইভাবে পরিমাপ করা হয়। প্রতি ঘণ্টায় ছয় কিলোমিটার গতিতে ওজনস্টেশনের ওপর দিয়ে ট্রাক যাওয়ার সময় সামনের চাকায় আট টন ও পেছনের চাকায় ১৬ টন, ১০ চাকার ট্রাকের ক্ষেত্রে সামনের চাকায় ছয় টন, মাঝখানের চাকায় ১২ টন ও পেছনের চাকায় ১২ টন হলে ট্রাক পারাপারের অনুমতি দেওয়া হয়। ওজন বেশি হলে ট্রাকটিকে পুনরায় সামনে ও পেছনে করে ওজনস্টেশনের ওপর দিয়ে চালানো হয়। এ কারণে ওজনস্টেশনে সময়ক্ষেপণ হচ্ছে। এই অতিরিক্ত মালামাল খালাস করার পর পারাপারের অনুমতি দেওয়া হয়। বর্তমানে ছয় চাকার গাড়িগুলো ২৫ থেকে ৩০ টন এবং ১০ চাকার গাড়িগুলো ৩৫ থেকে ৫০ টন পর্যন্ত মালামাল পরিবহন করছে।