নাশকতা ঠেকাতে পাড়া-মহল্লায় আ.লীগের পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘সংলাপ ও নাশকতা একসঙ্গে চলতে পারে না। আলটিমেটাম দিয়ে কেন আপনি সংলাপের পরিবেশ নষ্ট করবেন?’
মাহবুব উল আলম জনগণের জানমাল রক্ষায় পাড়া-মহল্লায় পাহারা বসাতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেন, ‘আপনারা একদিকে নাশকতা করছেন, অন্যদিকে সংলাপের কথা বলছেন। দুটো একসঙ্গে চলতে পারে না।’ তিনি বলেন, ‘আপনারা কেন মানুষের গাড়িতে আগুন দেবেন? আগুন দিতে চাইলে নিজেদের গাড়িতে আগুন দেন। যদি মানুষের গাড়িতে আগুন দেন তাহলে সে আগুনে আপনারা জ্বলে যাবেন।’ তিনি ঢাকা মহানগরের পাড়া-মহল্লায় পাহারা বসানোর আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে খালেদা জিয়াকে পাননি উল্লেখ করে মাহবুব উল আলম বলেন, বিরোধী দলের নেতার উচিত এখন প্রধানমন্ত্রীকে ফোন করা।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামীকাল রোববারের হরতাল সামনে রেখে আজ সন্ধ্যা থেকে ঢাকার পাড়া-মহল্লায় ‘পাহারা বসানোর’ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। তিনি হরতালে সকাল থেকেই মহল্লার দোকান খোলা রাখার জন্য আহ্বান জানান। তিনি বলেন, হরতালে ট্রেন, বাস, লঞ্চ চলবে। কেউ এগুলো আটকাতে পারবে না। কাল হরতাল আহ্বানকারী কাউকে খুঁজে পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। 

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, ‘গতকাল যেভাবে বিএনপির নেতারা সংবিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, তাতে মনে হয় তারা বাংলাদেশকে ভালোবাসেন না।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সংবিধান অনুযায়ী সর্বদলীয় সরকারের প্রস্তাবকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই।’
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি নামক দলটি একসময় জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। আলটিমেটাম দিতে দিতে খালেদা জিয়া আলটিমেটাম নেত্রীতে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনারা নাশকতাকারীরা পালাবার পথ পাবেন না।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতারা বক্তব্য দেন।