সন্ধ্যা নদীতে নেমে ভাঙন রোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা নদীর ভাঙন থেকে পিরোজপুরের কাউখালী উপজেলার সোনাকুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় শতাধিক গ্রামবাসী সন্ধ্যা নদীতে নেমে মাটির তৈজসপত্র নিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে নদীর তীরে সমাবেশ করা হয়। কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আমরাঝুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ইন্দ্রজিৎ চন্দ্র কুণ্ডু, উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুল ওয়াদুদ, সমাজসেবক আবদুস সালাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী মৃৎশিল্পের গ্রাম হিসেবে সুপরিচিত সোনাকুর গ্রাম সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হতে যাচ্ছে। গ্রামটি রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া না হলে কয়েক শ পরিবার বাস্তুহারা হবে।
আমরাঝুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ প্রথম আলোকে বলেন, গত ৩০ বছরে সোনাকুর গ্রামের কয়েক হাজার পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে সন্ধ্যা নদীর ভাঙনে সোনাকুর গ্রামের মৃৎপাড়াটি নদীতে বিলীন হতে যাচ্ছে।