সন্ধ্যা নামলেই গাছে পড়ছে করাতের টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার শাপলা চত্বর (জিরো পয়েন্ট) থেকে সমুদ্রসৈকত পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কটি প্রশস্ত করা হচ্ছে। এটা করতে গিয়ে সড়কের দুই পাশের অসংখ্য গাছ কাটা পড়ছে। কিন্তু এসব গাছ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় দুর্বৃত্তরা কেটে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে।
স্থানীয় লোকজনের ভাষ্যমতে, এই সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির। তাই গাছগুলোও তাদের। এলজিইডির উদাসীনতার কারণে দুই সপ্তাহের মধ্যে তিন শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা, যার বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। অথচ গাছগুলো নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া যেত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলমের দাবি, সড়কটির প্রশস্তকরণ এলজিইডির মাধ্যমে হচ্ছে। সড়কটি তাদেরই তত্ত্বাবধানে। তাই এর দুই পাশের গাছগুলোর দায়ভারও তাদের। তারা এই দায় কোনোভাবে এড়াতে পারে না।
গাছগুলো বন বিভাগেরও নয় বলে জানিয়েছেন টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাপস পাল। তিনি বলেন, সড়কটি এলজিইডির। তাই গাছগুলোও তাদের।
তবে টেকনাফ এলজিইডির প্রকৌশলী আবসার উদ্দিন প্রথম আলোকে বলেছেন, সড়ক তৈরি করা এলজিইডির কাজ। গাছ কার সেটা দেখার বিষয় তাদের নয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে কি না প্রশ্নে তিনি বলেন, ‘প্রয়োজন মনে করিনি।’
একই কথা বললেন এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী শাহেদুর রহিমও। তিনি বলেন, সড়ক উন্নয়নের কাজ তাদের। কিন্তু সড়কের পাশের গাছের মালিক জেলা পরিষদ।
এলজিইডি সূত্র জানায়, টেকনাফ পৌরসভার শাপলা চত্বর (জিরো পয়েন্ট) থেকে সমুদ্রসৈকত পর্যন্ত সড়কটির প্রশস্তকরণ প্রকল্পের দুটি কাজের বরাদ্দ পেয়েছে মেসার্স ফজল অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্প দুটিতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮২ লাখ টাকা।
একাধিক সূত্র জানায়, ১৯৯২ সালে ‘গণস্বাস্থ্য’ নামের একটি বেসরকারি সংস্থা বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে সড়কটির দুই পাশে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় ২ হাজার ৭০০টি কড়ই, আকাশমণি, ঝাউগাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছিল। ১৫ বছর ধরে এ গাছগুলোর পরিচর্যা করছিল গণস্বাস্থ্য।
সড়কটির দুই পাশে গাছ লাগানোর দায়িত্ব পালন করেছিলেন টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কান্তি পাল। তিনি প্রথম আলোকে বলেন, এই গাছের সঙ্গে স্কুলের তৎকালীন শিক্ষার্থীদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ, সেদিন কয়েকজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছিল। আজ সেই গাছ কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। কিন্তু এলজিইডিসহ প্রশাসন নীরব।
বেশ কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহ ধরে দুর্বৃত্তরা সন্ধ্যা নামলেই ব্যাটারিচালিত একধরনের করাত নিয়ে গাছ কাটার অভিযানে নামে। একেকটি গাছ কাটতে পাঁচ মিনিটের মতো সময় লাগে। তাদের কেউ বাধা দেওয়ার সাহস পাচ্ছে না। কাটা গাছ এলাকার প্রভাবশালীদের কাছে বিক্রি করছে তারা। অনেক প্রভাবশালীও এই গাছ কাটার সঙ্গে সরাসরি জড়িত। একেকটি গাছের মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
টেকনাফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান মিয়া বলেন, এই গাছ কাটার সঙ্গে প্রভাবশালীরা জড়িত। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, সড়ক থেকে গাছ নিধনের ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এলজিইডি চাইলে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।