
বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত শহীদ বুদ্ধিজীবী সেতুর অর্ধশতাধিক বাতির সব কটিই নষ্ট। বৈদ্যুতিক সংযোগের তারগুলোও চুরি হয়ে গেছে। ফলে সন্ধ্যা নামলেই পুরো সেতু ডুবে যায় অন্ধকারে। যাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
শহীদ বুদ্ধিজীবী সেতু বা তৃতীয় বুড়িগঙ্গা সেতুটি ‘বছিলা ব্রিজ’ নামে বেশি পরিচিত। ঢাকার পশ্চিমাংশে মোহাম্মদপুরের বছিলায় নির্মিত সেতুটি কেরানীগঞ্জের সঙ্গে মোহাম্মদপুরের সরাসরি সংযোগ স্থাপন করেছে। প্রতিদিন হাজারো যাত্রী এই সেতু ব্যবহার করে থাকে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকাবাসীর দাবির মুখে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর ২০০৯ সালে বছিলা সেতু নির্মাণ করে। উদ্বোধনের কিছুদিন পরই সেতুর বাতিগুলো অকেজো হয়ে পড়ে। বাতি না থাকায় একটি খুঁটি থেকে আরেক খুঁটিতে যে তারের মাধ্যমে সংযোগ দেওয়া হয়েছিল, সেসব তারও চোরেরা কেটে নিয়ে যায়।
জানতে চাইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সালাম প্রথম আলোকে বলেন, সেতুটি উদ্বোধনের পর একাধিকবার সড়কবাতি ও তার লাগানো হয়েছে। নতুন করে লাগানো তার ১৫-২০ দিনের মধ্যেই চুরি হয়ে যায়। নতুন বাতি ও তার লাগানো সমস্যা নয়। সেগুলো রক্ষণাবেক্ষণ করাই সমস্যা। স্থানীয় পুলিশ যদি সেতুর তার ও বাতি চুরি ঠেকাতে সহযোগিতা করে, তাহলে আবার বাতি লাগানোর ব্যবস্থা করা হবে।
কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত কয়েক শ সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করে। এসব অটোরিকশায় প্রতিদিন কয়েক হাজার লোক সেতুটি পার হয়। দিনের বেলা চলাচলে সমস্যা না হলেও সন্ধ্যার পর সেতু পার হতে অনেককে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এই পথের অটোরিকশাচালক মো. আলাউদ্দিন বলেন, ‘সন্ধ্যার পর তিন-চার ট্রিপ দেই। ব্রিজ ঘুটঘুটা অন্ধকার হয়া থাকে। গাড়ির লাইটে যা দেখা যায়, তা-ই ভরসা। গাড়ির লাইট নষ্ট থাকলে তো আরও বিপদ। ডরে স্পিড কমায়া চালাই।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৮৪ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ৭০৮ মিটার দৈর্ঘ্যের শহীদ বুদ্ধিজীবী সেতুটি নির্মাণ করা হয়। উদ্বোধনের পর থেকেই সেতুটির রক্ষণাবেক্ষণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের উদাসীনতায় বাতিগুলো এখন জ্বলে না।
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কবাতি না থাকায় মাঝেমধ্যেই সেতুর ওপর দুর্ঘটনা ঘটছে। সন্ধ্যার পর সেতুর ওপর অন্ধকার থাকায় ছিনতাইয়ের ঘটনাও ঘটে। সেতুর নিচে বছিলা অংশে সেতুর বৈদ্যুতিক সংযোগের মেইন সুইচ। সেটি সারা বছরই বন্ধ থাকে।
কেরানীগঞ্জের আঁটি এলাকার বাসিন্দা মো. বকুল বলেন, ‘শেষ কবে বাতি জ্বলতে দেখেছি, মনে করতে পারছি না। রাতে সবাই গাড়ির আলোয় ভরসা করে চলেন। কয়েক বছর ধরে এভাবেই চলছে।’
শহীদ বুদ্ধিজীবী সেতুর বছিলা প্রান্তে হাজারীবাগ থানার একটি চেকপোস্ট আছে। এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত পুলিশ সদস্য না থাকায় চেকপোস্টে নিয়মিত পুলিশ দেওয়া যায় না। তবে প্রতিদিন সন্ধ্যার পর চেকপোস্টে পুলিশ দিতে চেষ্টা করা হচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অবশ্যই সড়কবাতি রক্ষায় সহযোগিতা করা হবে।