
পুরো উদ্যানজুড়ে চরে বেড়াচ্ছে গরু-ছাগল। উদ্যানের বেঞ্চে শুয়ে আছে ভাসমান লোকজন। ঘাসের ওপর লেপ-তোশক শুকাতে দেওয়া। উদ্যানের সীমানাপ্রাচীরের অবস্থাও নড়বড়ে। বেশির ভাগ বাতি নষ্ট বলে সন্ধ্যা হলে পুরো উদ্যানে সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ।
অযত্ন-অবহেলায় এভাবেই নষ্ট হচ্ছে চন্দ্রিমা উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য। উদ্যানটি জাতীয় সংসদ ভবনের সন্নিকটে হওয়ায় এই সৌন্দর্যহানির প্রভাব পড়ছে সংসদ ভবনের ওপরেও।
গতকাল মঙ্গলবার দেখা যায়, নিয়মিত পরিচর্যার অভাবে উদ্যানের প্রবেশমুখে ক্রিসেন্ট লেকটির সৌন্দর্য নষ্ট হচ্ছে। লেকের এক প্রান্তে ময়লা-আবর্জনা থেকে ভেসে আসছে দুর্গন্ধ। শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি শ্রীমাভো বন্দরনায়েকের কাছ থেকে উপহার পাওয়া বোধি বৃক্ষের টিলার একপাশে ময়লা জমে থাকতে দেখা যায়।
উদ্যানের পাশের ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে দোকানপাট। ভেতরের হাঁটা পথ ভেঙে গেছে কয়েক জায়গায়। সীমানাপ্রাচীরটির অবস্থাও বেশ নড়বড়ে। উদ্যানের ভেতরে রয়েছে দুটি মজা পুকুর, যেখানে জমে আছে ময়লা আর নোংরা আবর্জনা। গণভবনের পাশের পুকুরপাড়ে জমা করে রাখা হয়েছে ময়লা-আবর্জনা। নোংরা গন্ধ এত তীব্র যে নাকে রুমাল চেপে হাঁটতেও কষ্ট হয় ঘুরতে আসা দর্শনার্থীদের।
গতকাল বেলা একটার দিকে পুকুরে ভাসমান লোকজনকে গোসল করতে দেখা যায়। পুকুরের অধিকাংশ জায়গাজুড়ে শেওলা ও বড় বড় ঘাস গজিয়ে উঠেছে। উদ্যানজুড়ে ময়লা ফেলার জন্য আলাদা বাক্স রাখা হলেও ময়লা ফেলা হচ্ছে যত্রতত্র।
উদ্যান রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের। গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রায় ৬৭ একর জায়গার ওপর গড়ে উঠেছে উদ্যানটি। এখানে রয়েছে একটি মসজিদ, শৌচাগার ও আবর্জনা রাখার বাক্স। উদ্যানটির তত্ত্বাবধানে রয়েছেন মাত্র সাতজন কর্মচারী।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশের দেয়ালে সাঁটানো হয়েছে রাজনৈতিক পোস্টার। এ কারণে সৌন্দর্য হারাচ্ছে মার্বেল পাথরের তৈরি দেয়াল। ভেতরে আলোক সরবরাহকারী বাতিগুলোর কয়েকটি বাদে বাকিগুলো নষ্ট হয়ে আছে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়। এ কারণে সন্ধ্যা হলে পুরো উদ্যানে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়।
উদ্যানে পরিবার নিয়ে ঘুরতে আসা আব্দুল্লাহ হিল রাফি বলেন, ‘উদ্যানের নোংরা পরিবেশ এর সৌন্দর্য দিনে দিনে নষ্ট করে ফেলছে। প্রশাসন চাইলেই উদ্যানের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে পারে।’
গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সীমানাপ্রাচীরটি মেরামতের অযোগ্য। এটি পুরোটাই বদলাতে হবে। রাস্তাগুলো মেরামতের জন্য সিরামিক ইটের প্রয়োজন হয়, যা অনেক ব্যয়বহুল। তাই মেরামত করা সম্ভব হচ্ছে না।
গণপূর্ত অধিদপ্তর বিভাগ-২ উপবিভাগ-৫-এর উপসহকারী প্রকৌশলী আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত বরাদ্দ ও জনবলের অভাবে উদ্যানের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না। প্রতি অর্থবছরে উদ্যানের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ থাকে, তার পুরোটাই খরচ হয়ে যায় উদ্যানের রাস্তা মেরামত ও তত্ত্বাবধানের কাজে। অতিরিক্ত বরাদ্দ না পেলে উদ্যানের উন্নয়ন সম্ভব নয়।