সন্ধ্যা হলেই লুটপাট, আতঙ্কে ২০০ পরিবারের পুরুষেরা বাড়িছাড়া
কুষ্টিয়া সদর উপজেলার খর্দ বাখৈল গ্রামে দিনে থমথমে অবস্থা বিরাজ করছে। আর সন্ধ্যার পর শুরু হয় লুটপাট। এক সপ্তাহ ধরে আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামের প্রায় ২০০ পরিবার। গ্রামে ব্যক্তিমালিকানাধীন ফসলি জমির ওপর দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বখতিয়ার হুসাইন ও খর্দ বাখৈল গ্রামের রবিউল মুন্সির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গোটা গ্রামে এখন আতঙ্ক বিরাজ করছে। গ্রামের প্রায় ২০০ পরিবারের পুরুষ সদস্যরা এখন বাড়িছাড়া।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে ঝাউদিয়া ইউনিয়নের জন্য ২০১১-১২ অর্থবছরে গত ৫ জানুয়ারি ১৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের বিপরীতে ইউপি চেয়ারম্যান ১৪ জানুয়ারি একটি প্রস্তাবনা পাঠান। ওই প্রস্তাবনায় গ্রামের জান মোহামঞ্চদের বাড়ি থেকে কুতুব মন্ডলের বাড়ি পর্যন্ত প্রায় দুই হাজার ৪০০ ফুট দীর্ঘ একটি রাস্তা নির্মাণের কথা বলা হয়। এ প্রকল্পের সভাপতি চেয়ারম্যান নিজেই। এলাকাবাসী জানায়, গত ১১ মার্চ সকালে ওই রাস্তার কাজ শুরু হয়। কিন্তু রাস্তাটির বেশির ভাগ অংশই গ্রামের ৩৫-৪০ জন লোকের মোট প্রায় ২০০ বিঘা আবাদি জমির ওপর পড়ে। বেশির ভাগ জমির মালিকেরা রাস্তা তৈরিতে বাধা দেন। এ সময় চেয়ারম্যানের পক্ষের লোকজনের সঙ্গে ওই সব জমির মালিকদের সংঘর্ষ বাধে। রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় গত বুধবার আবার সংঘর্ষ বাধে। সংঘর্ষে রবিউল মুন্সির পক্ষের তিনজন আহত হন। ভুক্তভোগী জমির মালিকদের নেতৃত্ব দিচ্ছেন রবিউল মুন্সি। গতকাল মঙ্গলবার রবিউল মুন্সি অভিযোগ করেন, রাস্তা নির্মাণের ওপর আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করায় চেয়ারম্যান ও তাঁর লোকজন ক্ষুব্ধ হয়ে গ্রামের লোকজনের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছেন। তাঁরা গ্রামের লোকজনের গোয়াল থেকে প্রায় ৩০টি গরু লুট করেছেন। মাঠ থেকে শ্যালো যন্ত্র, পেঁয়াজ, রসুন তুলে নিয়ে যাচ্ছেন। পুলিশের উপস্থিতিতেই এমন তাণ্ডব চালানো হচ্ছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে গত সোমবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দুটি পৃথক এজাহার দিয়েছি।’ গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, রবিউল মুন্সি সমর্থিত প্রায় ২০০ পরিবারের পুরুষেরা বাড়িতে নেই। এসব বাড়িতে শুধু নারী ও শিশুরা আছে। রাস্তার মোড়ে পাঁচ-ছয়জন পুলিশ পাহারা দিচ্ছে। লুটের আতঙ্কে বিভিন্ন বাড়ির মহিলা প্রায় ২০-২৫টি নসিমন ও ভ্যানে করে আসবাব, ফসল ও মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন। যে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এই অবস্থা তৈরি হয়েছে, সেটি চেয়ারম্যানের বাড়ির সামনে গিয়ে শেষ হওয়ার কথা। সেখানে চেয়ারম্যানের স্বজনদের আনুমানিক ২৫-৩০টি পরিবারের ঘরবাড়ি আছে। কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) ছানোয়ার হোসেন জানান, রবিউল মুন্সি তাঁর জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হচ্ছে এমন অভিযোগ করে ১১ মার্চ এ ব্যাপারে প্রতিকারের আবেদন জানালে কুষ্টিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত সেখানে স্থিতাবস্থা জারি করেন। একই সঙ্গে আদালত ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্থিতাবস্থা বজায় রাখার ব্যবস্থা নেওয়া এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানসহ নয়জনকে কারণ দর্শানোর নির্দেশ দেন। অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান বখতিয়ার হুসাইন বলেন, তিনি এলাকার জনপ্রতিনিধি হিসেবে মানুষের ভালোর জন্য রাস্তাটি তৈরি করছেন। এতে কয়েকজনের একটু ক্ষতি হচ্ছে। রাতের বেলায় পুলিশের সহযোগিতায় বাড়িতে হামলা ও লুটপাটের বিষয়টি তিনি অস্বীকার করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় বখতিয়ার হুসাইন গত সোমবার একটি মামলা করেছেন। তবে রবিউলের পক্ষ কোনো মামলা দেয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোনো লুটপাটের ঘটনা ঘটেনি।