রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বাতিলের দাবিতে গতকাল সোমবার ক্লাস বর্জন করেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তাঁরা। অবিলম্বে এই কোর্স বাতিল করা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে ব্যঙ্গাত্মক গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা বিভিন্ন বিভাগে গিয়ে সন্ধ্যাকালীন কোর্সের ভর্তি ফরম বিক্রি বন্ধ রাখার আহ্বান জানান।আন্দোলনরত শিক্ষার্থী শিপন আহমেদ, রফি আহমেদসহ কয়েকজন জানান, বাণিজ্যিক উদ্দেশ্যে উচ্চশিক্ষার নামে বিভিন্ন বিভাগে সন্ধ্যাকালীন কোর্স চালু করা হয়েছে। টাকার জন্য শিক্ষকেরা ওই কোর্স নিয়েই বেশি ব্যস্ত থাকবেন। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তীব্র সেশনজটের শিকার হবেন। এই কোর্স বাতিল করা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের মতো কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা উল্লেখ করেন।বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আইন ও বিচার, সমাজবিজ্ঞান, সমাজকর্ম বিভাগে সম্প্রতি দুই বছর মেয়াদি সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স চালু করা হয়। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।যোগাযোগ করা হলে লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রণব কুমার পান্ডে বলেন, ‘এ ব্যাপারে মঙ্গলবার (আজ) বিভাগীয় শিক্ষকদের সভা ডাকা হয়েছে।