রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সম্প্রতি চালু হওয়া দুই বছর মেয়াদি সন্ধ্যাকালীন স্নাতকোত্তর কোর্স বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গতকাল শনিবার প্রশাসনিক ভবন ঘেরাও করেছেন। একই দাবিতে তাঁরা ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদ সমাবেশও করেন। সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে আজ রোববার শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ ক্যাম্পাসে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করবেন। যেসব বিভাগে সন্ধ্যাকালীন কোর্স চালু হয়েছে, তাঁরা আজ সেসব বিভাগে ফরম বিক্রি বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। সকাল ১০টার দিকে বিপুলসংখ্যক শিক্ষার্থী সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করেন। কর্মসূচির সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরাও একাত্মতা প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন।