সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করবেন বলে ঘোষণা দেন। প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, সন্ধ্যাকালীন কোর্স চালুর প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিপুলসংখ্যক শিক্ষার্থী সমাবেত হন। তাঁরা সেখান থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তৃতা করেন মেহেদী হাসান, সুজন, রকি, রন্টু প্রমুখ। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রী ও ছাত্র ফেডারেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। বক্তারা যেকোনো মূল্যে সন্ধ্যাকালীন কোর্স বাতিল করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তাঁরা আরও বলেন, পুঁজিবাদী চক্র এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে এগিয়ে আসছে। তাদের প্রতিহত করা না গেলে দেশের জনগণের করের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো অচিরেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, লোক প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আইন ও বিচার বিভাগসহ বিভিন্ন বিভাগে দুই বছর মেয়াদি সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স চালু করা হয়।