সন্ধ্যায় ইয়েমেন থেকে ফিরেছেন আরও ১০ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেন থেকে জিবুতি হয়ে আজ শনিবার সন্ধ্যায় আরও ১০ প্রবাসী বাংলাদেশিকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। ফ্লাই দুবাই বিমানের এফজেড-৫৮৫ ফ্লাইটে করে তাঁরা সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকায় পৌঁছান।

এর আগে দুপুরে নিজের দপ্তরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত মোট ৩৬০ প্রবাসী বাংলাদেশিকে ইয়েমেন থেকে জিবুতিতে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৩৪০ জনকে ভারতীয় নৌ বাহিনীর জাহাজে এবং বাকি ২০ জনকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে জিবুতি নেওয়া হয়েছে।

শহীদুল হক বলেন, জিবুতিতে অবস্থানরত বাংলাদেশিদের ভারতের একটি জাহাজে করে ভারতের কেরালা রাজ্যের কোচিন বন্দরে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এরপর একটি বিশেষ ফ্লাইটে করে তাঁদের ঢাকায় আনা হবে।

এর আগে গতকাল শুক্রবার প্রথম ধাপে ১১ জন প্রবাসীকে বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের হামলা চলছে। বাংলাদেশ সৌদি আরবকে সমর্থন জানিয়েছে।