সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ মন্ত্রীর বৈঠক
বাংলাদেশে সফররত ব্রিটিশ বৈদেশিক উন্নয়ন প্রতিমন্ত্রী অ্যালান ডানকান আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করবেন। বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা। খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত সাবিহউদ্দীন আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি নেই। তবে উন্নয়ন খাতে যুক্তরাজ্য সরকার কীভাবে সহযোগিতা করতে পারে, এ নিয়ে কথা হতে পারে। এর বাইরেও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে।
বাংলাদেশের নির্মাণ বিধিমালার মানোন্নয়ন ও বাস্তবায়নে যুক্তরাজ্য কী ধরনের সহযোগিতা করতে পারে, তা আলোচনার জন্য ঢাকায় এসেছেন অ্যালান ডানকান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর সাক্ষাত্ করার সম্ভাবনা রয়েছে।