সন্ধ্যায় লঞ্চ, দুপুর থেকেই সদরঘাটে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। তবে যানজটের কারণে দুর্ভোগে পড়ছে যাত্রীরা। লঞ্চ ছাড়ার চার-পাঁচ ঘণ্টা আগেই ঘাটে গিয়ে অপেক্ষা করছে তারা।

আজ সোমবার সকাল থেকে সদরঘাট টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় জমেছে।

বরিশালগামী কীর্ত্তনখোলা-২ লঞ্চের যাত্রী আসলাম মিয়া বলেন, ‘আমাদের লঞ্চ ছাড়বে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। যানজট এড়ানোর জন্য দুপুর ১২টার দিকে মুগদা থেকে আমার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চলে এসেছি।’

পটুয়াখালীগামী সৈকত-১ লঞ্চের যাত্রী মিজানুর রহমান বলেন, লঞ্চ ছাড়বে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ডেকে জায়গা নেওয়ার জন্য বেলা দুইটায় মিরপুর থেকে এসেছি।’ তিনি বলেন, পুরান ঢাকার যানজটের কারণে বংশাল মোড় থেকে সদরঘাট আসতে ঘণ্টা খানেক সময় লেগেছে। অন্তত ঈদের মৌসুমগুলোতে পুরান ঢাকার যানজট দূর করা উচিত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরান ঢাকার চিত্তরঞ্জন এভিনিউ সড়ক এলাকা থেকে ওয়াইজঘাট পর্যন্ত একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হলেও যানজট থেকে মুক্তি মিলছে না।

ডিএমপির লালবাগ জোনের এডিসি মো. আবদুস সালাম বলেন, যানজট নিরসনের জন্য সদরঘাট, চিত্তরঞ্জন এভিনিউ ও ওয়াইজঘাট এলাকায় ট্রাফিক পুলিশ তত্পর রয়েছে। দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ঢাকায় ফেরা পর্যন্ত, অর্থাত্ ঈদের দুই দিন পরও পুলিশ দায়িত্ব পালন করবে। প্রতিদিন পর্যায়ক্রমে তিনজন পুলিশ কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

লঞ্চ চলাচলের ব্যাপারে নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক বলেন, ঢাকা বন্দর থেকে প্রতিদিন ৫৫-৬০টি লঞ্চ চলাচল করে। ঈদ উপলক্ষে আজ থেকে আরও সাতটি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে।

সাইফুল হক আরও বলেন, কোনো অবস্থাতেই লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করতে দেয়া হবে না। যেসব লঞ্চ আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করবে, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীসেবা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে তিনি জানান।