সন্ধ্যায় সরকারি হাসপাতালে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

দেশের সরকারি হাসপাতালগুলোতে সন্ধ্যায় বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ চিকিৎসকদের হাজির থাকতে হবে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ‘সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার মান বৃদ্ধিকরণ’ শীর্ষক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
প্রথম ধাপে রাজধানীর শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতাল, মহাখালীর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে এ ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, অনেক সময় সরকারি হাসপাতালে সন্ধ্যাবেলায় বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ চিকিৎসক উপস্থিত না থাকার অভিযোগ পাওয়া গেছে। এতে বিকেল ও সন্ধ্যায় ভর্তি হওয়া রোগীরা বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ চিকিৎসকদের দেখা পান না। পর্যায়ক্রমে দেশের সব কটি সরকারি হাসপাতালে জ্যেষ্ঠ চিকিৎসকদের উপস্থিত থাকতে হবে। এতে বিকেল ও সন্ধ্যায় ভর্তি হওয়া রোগীদের যথাযথ চিকিৎসাসেবা পাওয়ার মাত্রা বাড়বে।
আজকের সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) শামিউল ইসলাম এবং সোহরাওয়ার্দী হাসপাতাল, মহাখালীর ক্যানসার হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতালের পরিচালকেরা উপস্থিত ছিলেন।