সন্ধ্যার ট্রেন ভোরে ভোগান্তিতে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত একটা। রংপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীরা পায়চারি করছে। সবার চোখেমুখে বিরক্তির ছাপ। যে ট্রেনের সন্ধ্যা সাড়ে ছয়টায় আসার কথা, রাত দুইটায়ও তার দেখা নেই। তাই স্টেশনে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই।অবশেষে ট্রেনটি রাত আড়াইটায় স্টেশনে আসার পর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। গত শনিবার রাতে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন ধরতে গিয়ে এমন বিড়ম্বনায় পড়ে যাত্রীরা। প্রায় দিনই ট্রেনটি এভাবে আট-নয় ঘণ্টা দেরি করে স্টেশনে আসছে। এতে রংপুরসহ আশপাশের জেলার অনেক যাত্রী প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে।রংপুর শহরের কামলাকাছনার আফরোজা পারভীন বলেন, ‘রাস্তার মতো ট্রেনে তো যানজট নেই। তাহলে ট্রেন এত দেরি হওয়ারই বা কী কারণ থাকতে পারে।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি চাকরিজীবী বলেন, ‘আমার দুই ছেলেমেয়ের অনেক দিনের আশা, ট্রেনে করে ঢাকায় যাবে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেনের জন্য অপেক্ষা করেছি। ছেলেমেয়ে কষ্ট পাচ্ছিল। এর পরও যত কষ্ট হোক, যেতে তো হবে।’ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন রমজান আলী। একটু আরামে যেতে তিনি রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটেন। ভোরে ঢাকায় পৌঁছে অফিস করবেন। কিন্তু তা আর হলো না। তিনি বলেন, ‘আগে জানলে কি এই ট্রেনের টিকিট কাটি? এখন যত কষ্ট কিংবা দেরিই হোক, তবু এই ট্রেনেই যেতে হবে।’দুই শতাধিক যাত্রী ট্রেন ধরার জন্য রংপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ। কিন্তু রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরে পৌঁছেছে রাত আড়াইটায়। ট্রেনটির পৌঁছার কথা ছিল সন্ধ্যা ছয়টায়। অনেক যাত্রী কষ্ট করে ছিল। আবার কেউ কেউ চলেও গেছে বলে জানা যায়। রাত তিনটায় রংপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।রেলস্টেশন সূত্রে জানা গেছে, গত শনিবার প্রায় ২০০ যাত্রী সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে স্টেশনে আসে। সাতটা ৪০ মিনিটে রংপুর এক্সপ্রেসের ঢাকার উদ্দেশে স্টেশন ছাড়ার কথা। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু হয়ে বগুড়া-গাইবান্ধা-কাউনিয়া জংশন হয়ে চলাচল করছে। গত ২১ আগস্ট ঢাকা-রংপুর রেলপথে নতুন এই ট্রেনের সার্ভিসের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী আবুল হোসেন। ঢাকা থেকে রংপুর পর্যন্ত এই পথের দূরত্ব ৫৩০ কিলোমিটার।রেলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এ পথের যেসব স্টেশনে ট্রেন থামানোর কথা নয়, সেখানেও থামানো হচ্ছে। লোক ওঠানোর জন্য এ অনিয়ম করা হয়েছে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে ট্রেন রংপুর স্টেশনে আসতে পারছে না। ট্রেনের ক্রসিং (অন্য ট্রেনকে লাইন ব্যবহার করে চলাচলের সুযোগ করে দেওয়া) দেওয়ার কারণেও সমস্যা হচ্ছে।রংপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক জানান, ট্রেন কী কারণে এত দেরি হচ্ছে, এর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে ট্রেনের ক্রসিং দিতে বিভিন্ন স্টেশনে দাঁড়াতে গিয়ে বিলম্ব হচ্ছে।