সন্ধ্যার পর আদালতপাড়ায় অবস্থানে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা জজ আদালতে সন্ধ্যার পর আইনজীবীসহ সাধারণ নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালতের নিরাপত্তার স্বার্থে উচ্চ আদালতের পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ নির্দেশ দিয়েছেন।
গতকাল বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসউদ্দিন আহম্মেদ বলেন, নির্দেশনাটি কয়েক দিন আগে দেওয়া হলেও গতকাল থেকে এটি কার্যকর হচ্ছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, উচ্চ আদালতে রাত আটটার পর নিরাপত্তাকর্মী ছাড়া সবার প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা রয়েছে। নিরাপত্তার স্বার্থে ও সুরক্ষার জন্য বরিশাল আদালতপাড়ায় সন্ধ্যা সাতটার পর কর্তব্যরত পুলিশ, আনসার ও নৈশপ্রহরী ছাড়া অন্য কেউ অবস্থান করতে পারবেন না। এই আদেশ আদালতের বিচারক, আইনজীবী, তাঁদের সহকারীসহ সবার জন্য প্রযোজ্য।
জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য বলেন, সাম্প্রতিক সময়ে সন্ধ্যার পর বরিশাল আদালত চত্বরে কিছু অপকর্ম ঘটেছে। এর মধ্যে এক আইনজীবীর চেম্বার থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনা রয়েছে।
১৩ জুলাই রাত নয়টার দিকে আদালত এলাকায় বর্ধিত ভবনে থাকা কনিষ্ঠ আইনজীবী মো. রিয়াজ উদ্দিন ওরফে মিলনের কক্ষ থেকে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ওই আইনজীবী সেই থেকে পলাতক।