বাংলা নববর্ষ উদ্যাপন নির্বিঘ্ন করতে রাজধানীর ২২টি স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রমনা পার্কে প্রবেশের জন্য থাকবে ছয়টি পথ। চারটি পথ দিয়ে বের হওয়া যাবে। সন্ধ্যা ছয়টার পরে কাউকে রমনায় থাকতে দেওয়া হবে না।
রাজধানীর মিন্টো রোডে গতকাল শনিবার পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর কমিশনার বেনজীর আহমেদ এসব কথা বলেন।
কমিশনার বলেন, বর্ষবরণের কেন্দ্রস্থল রমনা বটমূল, টিএসসি ও এর আশপাশের এলাকায় কোনো ধরনের অস্ত্র, গোলাবারুদ, হাতব্যাগ ইত্যাদি না আনা যাবে না। প্রকাশ্যে কেউ ধূমপান করতে পারবেন না। তিনি শিশুদের পকেটে অভিভাবকের ঠিকানা রাখার অনুরোধ করেন।
রমনা উদ্যানে প্রবেশপথ: পুলিশের পক্ষ থেকে বলা হয়, রমনা পার্কের অরুণোদয় (সুগন্ধার বিপরীত), রমনা রেস্তোরাঁ, অস্তাচল (শিশুপার্ক) ও নতুন গেট (বৈশাখী অস্তাচলের মাঝে) দিয়ে প্রবেশ করা যাবে।
সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশপথ: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, টিএসসি গেট ও তিন নেতার মাজার।
যানবাহন চলবে না: বাংলামোটর-পুরোনো এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-রূপসী বাংলা ক্রসিং, পিজি ক্রসিং-মৎস্য ভবন-কদমফুল ক্রসিং-হাইকোর্ট ক্রসিং পর্যন্ত, রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলি রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং বাঁয়ে মোড়-চার্চ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত, নীলক্ষেত ক্রসিং থেকে টিএসসি ক্রসিং, পলাশী মোড় থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং, বকশীবাজার থেকে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।