সন্ধ্যার পর দোকান খুলছেন ওষুধ ব্যবসায়ীরা

‘জনদুর্ভোগের’ কথা মাথায় রেখে ওষুধ ব্যবসায়ীরা ধর্মঘটের সময়সীমা চার ঘণ্টা কমিয়ে এনেছেন। এর ফলে সন্ধ্যা ছয়টার পর দেশের সব ওষুধের দোকান খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সমিতি (বিসিডিএস)।
বৈধ ও অবৈধ ওষুধ এবং লাইসেন্স স্থগিত করা কোম্পানির তালিকা প্রকাশসহ আট দফা দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে ওষুধের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে সমিতি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে রোগীরা।
সমিতির অন্য দাবির মধ্যে আছে: অন্যায়ভাবে নেওয়া ওষুধ ও জরিমানার টাকা ফেরত, জব্দ করা ওষুধের তালিকা সমিতিকে দেওয়া, অননুমোদিত ওষুধের চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) লেখা বন্ধ, তল্লাশি অভিযানের সময় সমিতির প্রতিনিধি উপস্থিত থাকা, ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে ৮০০ টাকার ঊর্ধ্বে জরিমানা না করা।
বিসিডিএসের সভাপতি মো. সাদেকুর রহমান জানান, মতিঝিলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁদের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকার ওষুধ ব্যবসায়ীদের আট দফা দাবি মেনে নেয়। তাই ধর্মঘটের সময়সীমা রাত ১০টা থেকে কমিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত করা হয়েছে। সারা দেশে ব্যবসায়ী নেতাদের ফোনে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সারা দেশে ‘রোগীদের দুর্ভোগের’ কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সমিতির সহসভাপতি আবদুল হাই প্রথম আলো ডটকমকে বলেছিলেন, ‘কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি, ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা না চালানো এবং জব্দ করা মালামাল ফেরত দেওয়ার ব্যাপারে ঔষধ প্রশাসন অধিদপ্তর আমাদের আশ্বাস দিয়েছে। অন্যদিকে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখার ব্যাপারেও আমরা প্রতিশ্রুতি দিয়েছি।’
আজ সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড এলাকা ঘুরে দেখা গেছে, ওষুধ ব্যবসায়ীরা দোকানের ঝাপ ফেলে রাস্তায় অবস্থান নিয়েছেন। তবে ওই এলাকায় জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহের জন্য মাত্র তিনটি দোকান খোলা রয়েছে। এসব দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ওষুধ কিনতে গিয়ে ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি ও বাদানুবাদের ঘটনাও ঘটেছে।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত অংশের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের কারণে ওই এলাকায় ওষুধের দোকান খোলা রয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন, চট্টগ্রামের আন্দরকিল্লা, খুলনার সবচেয়ে বড় ওষুধের বাজার হেরাজ মার্কেট, রাজশাহীর লক্ষ্মীপুর এবং রংপুর মেডিকেল কলেজসংলগ্ন ধাপ এলাকার অধিকাংশ ওষুধের দোকান আজ সকাল থেকে বন্ধ রয়েছে।
ওষুধ ব্যবসায়ীদের এই ধর্মঘটে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাঁরা বলছেন, এত দিন হরতাল, ধর্মঘট বা কারফিউয়ের সময় ওষুধের দোকান খোলা থেকেছে। অথচ এখন অযৌক্তিক দাবিতে ধর্মঘট করছেন ওষুধ ব্যবসায়ীরা।
মিটফোর্ড হাসপাতালে আসা ভুক্তভোগী নাসরিন জাহান বলেন, ‘ওষুধের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। খোলা আছে দু-একটি। উপচে পড়া ভিড়ের কারণে ওষুধ কিনতে পারিনি। এখন আমার রোগীর অবস্থা গুরুতর।’
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উপসচিব মুনির হোসেন আজ সকালে বলেছেন, আটক ব্যবসায়ীদের মুক্তির দাবিতে সারা দেশে আজ তাঁরা সর্বাত্মক ধর্মঘট পালন করছেন।
ওষুধের অভাবে কোনো রোগী মারা গেলে এর দায় কে নেবে—জানতে চাইলে মুনির হোসেন বলেন, ‘এ দায় সরকারকেই নিতে হবে। কারণ তারা বিনা কারণে আমাদের লোকদের ধরে নিয়ে গেছে। কী কী মালামাল নিয়ে গেছে, তারও হিসাব দেয়নি।’
গত শনিবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকার নয়টি ওষুধের মার্কেটে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমতি ছাড়া আমদানি করা ওষুধ এবং খাদ্য সম্পূরক বিক্রির অভিযোগে ১০৩ জনকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৮টি ওষুধের দোকান সিলগালা করে দেওয়া হয়। জব্দ করা হয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী। এর প্রতিবাদে রোববার ওষুধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন।