সন্ধ্যার পর মাইক বন্ধ রাখবেন তাঁরা
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রার্থীরা প্রচার মাইক বাজাতে পারবেন। কিন্তু সুনামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সন্ধ্যার পর মাইক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ওয়ার্ডের সব প্রার্থী বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।জানা গেছে, ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আছেন আটজন। তাঁরা মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করেন। বৈঠকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন হতে পারে বিষয়টি চিন্তা করে বিকেল পাঁচটার পর থেকে প্রচার মাইক বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তাঁরা।সভায় ওই ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর কলি তালুকদার আরতি, কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মনীষ কান্তি দে, ঝুটন পুরকায়স্থ, আক্তারুজ্জামান সোয়েব, গোলাম সাবেরীন, সুদীপ দে, বাবুল কান্তি দে, দিলীপ দেব ও গণেশ রায় উপস্থিত ছিলেন। মনীষ কান্তি দে বলেন, ‘আমরা আছি আটজন। মেয়র ও নারী কাউন্সিলররাও আছেন। একসঙ্গে পাড়ায় এত মাইক বাজলে কী অবস্থা হবে, তা সহজেই বোঝা যায়। তা ছাড়া সামনে এসএসসি পরীক্ষা। এসব বিষয় চিন্তা করেই আমরা বিকেল পাঁচটার পর থেকে মাইক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’সুনামগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আবু নাসের বলেন, ‘আমরা তাঁদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। নির্বাচনী সব কাজেই প্রার্থীদের আচরণবিধি মেনে চলা এবং ভোটারদের সুবিধা-অসুবিধার কথা ভাবনায় রাখা উচিত। এতে প্রার্থীদেরই লাভ হবে।’