সন্ধ্যার পর হঠাৎ মারমুখী হরতালকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ধ্যার পরে ফকিরেরপুল এলাকায় টায়ারে আগুন।ছবি: ফোকাস বাংলা
সন্ধ্যার পরে ফকিরেরপুল এলাকায় টায়ারে আগুন।ছবি: ফোকাস বাংলা

১৮-দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সন্ধ্যার পর হঠাত্ সরব উপস্থিতি জানান দেয় হরতালকারীরা। সন্ধ্যার পর তারা রাজধানীর শাহবাগ ও মানিকনগরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। এ ছাড়া পল্টনে বিএনপির অফিসের বিপরীত পাশের সড়কেও আগুন দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগ মোড়ে গুলিস্তান-আব্দুল্লাহপুর রুটের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটির বেশ কয়েকটি আসন পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মাদ আলী প্রথম আলো ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে মানিকনগর এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ভলভো গাড়িতে আগুন দেওয়ার খবর পান তাঁরা। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে গেছে বলে জানান তিনি।

সন্ধ্যা সাতটার দিকে পল্টনে বিএনপির অফিসের বিপরীত পাশে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে কয়েকজন যুবক হরতালের সমর্থনে মিছিল বের করেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এছাড়াও সন্ধ্যার পরে রাজধানীর ফকিরেরপুল এলাকায় রাস্তায় টায়ারে আগুন জালায় হরতাল সমর্থকরা।

এদিকে হরতাল চলাকালে আজ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ৩৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।