জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাটবাড়ি গ্রামে আওয়ামী লীগের দুই নেতা-কর্মীকে গুলি করে হত্যার ঘটনার পাঁচ মাস পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা এই নেতাদের হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। জঙ্গিরা এখনো রাতে বোরকা পরে গ্রামে আসে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ বলেন, ওই ঘটনার পর গ্রামটিতে আতঙ্ক কাটেনি।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর রাতে ডোয়াইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ উদ্দিন ও আওয়ামী লীগের সমর্থক মোজাফফর হোসেন হাটবাড়ি গ্রামের কুটিরহাট এলাকায় চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় জেএমবির সদস্যরা দুটি মোটরসাইকেলে করে এসে হানিফ উদ্দিনের মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই হানিফ উদ্দিন মারা যান। জেএমবির সদস্যরা পালিয়ে যাওয়ার সময় মোজাফফর হোসেনের পায়ে গুলি করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় ২০ ডিসেম্বর রাতে নিহত হানিফ উদ্দিনের স্ত্রী হাউসী বেগম প্রতিবেশী ফিরোজ মিয়াকে প্রধান আসামি করে মামলা করেন।
নিহত হানিফ উদ্দিনের বড় ছেলে রুবেল মিয়া বলেন, ‘বাবাকে জেএমবিরা গুলি করে হত্যা করেছে।’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাওহীদুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রামবাসী সূত্র জানায়, ওই ঘটনার পর হাটবাড়ী গ্রামের সন্দেহভাজন ২৭ জন জেএমবি সদস্য পরিবার-পরিজন নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এর আগে একই গ্রামের কলেজছাত্র আনিসুর রহমানকেও জেএমবি সদস্যরা হত্যা করেন। এ ঘটনায়ও ফিরোজ মিয়ার নামে মামলা হয়। এসব ঘটনার পর থেকে গ্রামটিতে আতঙ্ক নেমে আসে। গ্রামে দুই হাজার লোকের বাস। সূর্য ডুবে অন্ধকার নেমে এলেই গ্রামের নারী-পুরুষ কেউই ঘরের বাইরে তেমন বের হন না। জেএমবির সদস্যরা মাঝেমধ্যে রাতে বোরকা পড়ে বাড়িতে আসেন। আবারও তাঁরা গ্রামবাসীর ওপর গুলি চালাতে পারেন—এ ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পান না।
সূর্য বেগম বলেন, ‘বেলা ডুবলেই ভয় করে। মানুষ গুলি করে মারে, তাই ডরাই।’
ছলিম উদ্দিন বলেন, ‘সন্ধ্যার পরে কেউ বাইর হয় না। আতঙ্কে আছি। জেএমবির সদস্যরা মাঝে মাঝে রাতে গ্রামে আসে।’
আছমা বেগম বলেন, কিছুদিন পরপর ওরা বোরকা পরে গ্রামে আসে। এলাকাবাসী ধরার চেষ্টা করে। ওরা দৌড়ে পালিয়ে যায়।
হাটবাড়ি গ্রামের ইউপি সদস্য মাহিন মিয়া বলেন, গ্রামটিতে দীর্ঘদিন ধরে জেএমবি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এলাকাবাসী ভয়ে কথা বলতে সাহস পায় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান বলেন, গ্রামটিকে প্রশাসনিক নজরে রাখা হয়েছে।