সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যেই বিদ্যুৎ চলে যায়, আসে রাত ১১টায় বা সাড়ে ১২টায়। দিনের বেলায়ও পাঁচ থেকে সাতবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। এখানে প্রতিদিন সর্বোচ্চ ছয় থেকে সাত ঘণ্টা বিদ্যুৎ থাকে। এই পরিস্থিতি বিরাজ করছে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায়।
এক মাস ধরে এ রকম বিদ্যুৎবিভ্রাটের কারণে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন ধরমপাশা উপজেলার গ্রাহকেরা। ঘন ঘন লোডশেডিং হওয়ায় এখানকার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। দিনে ও রাতে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে নানা শ্রেণি, পেশা ও বয়সের মানুষ। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ধরমপাশা অভিযোগ কেন্দ্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধরমপাশা উপজেলাটি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীন। এ উপজেলায় ১২ সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম জানান, মাস খানেক ধরে অসহনীয় বিদ্যুৎবিভ্রাট চলছে। এ অবস্থায় গ্রাহকেরা নানা কটু কথা বলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সুনামগঞ্জের ধরমপাশা উপজেলাসহ ১১টি উপজেলার জন্য প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৪২ মেগাওয়াট। কিন্তু আমরা পাচ্ছি মাত্র ২১-২২ মেগাওয়াট। চাহিদার তুলানয় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। এ সমস্যা সমাধানে আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ধরমপাশা সদর বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, এটি হাওরবেষ্টিত উপজেলা হওয়ায় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের খেয়ালখুশিমতো এখানে বিদ্যুৎ সরবরাহ করে। মাস খানেক ধরে মাগরিবের আজানের পরই বিদ্যুৎ চলে যায়। আসে পাঁচ থেকে ছয় ঘণ্টা পর। দিনের বেলায়ও পাঁচ-সাতবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। এতে করে ব্যবসার খুব ক্ষতি হচ্ছে।
বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক পাস কোর্সের প্রথম বর্ষের পরীক্ষার্থী ইতি আরা চৌধুরী বলেন, ‘এখন আমাদের পরীক্ষা চলছে। কিন্তু এখানে সন্ধ্যার পরই বিদ্যুৎ থাকে না। এ কারণে ভালোভাবে লেখাপড়া করতে পারছি না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, এমনিতেই প্রচণ্ড গরম, তার ওপর দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুৎ থাকে না। এ অবস্থায় দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।