১০০ মিটার পানির নিচে লঞ্চ শনাক্ত প্রবল স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ

বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে গতকাল বুধবার প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। রাত নয়টা পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, নিখোঁজ রয়েছে ২৮ জন।
উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
নিহত ১৩ জনের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বানারীপাড়া উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাগর মির (২৫), ফিরোজা বেগম (৫০); উত্তর হাড়তা গ্রামের সুখদেব মল্লিক (৪০), মোজাম্মেল মোল্লা (৬০); স্বরূপকাঠি ইউনিয়নের রাবেয়া খাতুন (৪৫); জিরাকাঠি ইউনিয়নের রেহানা বেগম (৩০), জয়নাল হাওলাদার (৬০); মজিবাড়িয়া গ্রামের কহিনূর বেগম (৪৫) ও শান্তা (৭)।
দুর্ঘটনাকবলিত লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীরা বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এমএল ঐশী নামের ছোট আকারের লঞ্চটি বানারীপাড়া থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে উজিরপুর উপজেলার হাড়তার দিকে যাচ্ছিল। পথে সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট ঘাটে যাত্রী নামাতে যাওয়ার পথে তীরের কাছাকাছি গিয়ে লঞ্চটি ডুবে যায়।
লঞ্চটি ডুবে যাওয়ার পর সাঁতরে তীরে ওঠা আলেয়া বেগম প্রথম আলোকে বলেন, বানারীপাড়া থেকে স্বামীর সঙ্গে লঞ্চে ওঠেন তিনি। দাসেরহাট ঘাটে ভিড়তে গিয়ে নদীর পাড়ের একটি বড় অংশজুড়ে মাটি ভেঙে পড়লে সেখানে ঘূর্ণিপাকের সৃষ্টি হয়। এতে স্রোতের তোড়ে লঞ্চটি ডুবে যায়। তিনি সাঁতরে তীরে উঠতে পারলেও তাঁর স্বামী নিখোঁজ রয়েছেন।
সৈয়দকাঠি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান মৃধা বলেন, যাত্রী নামাতে দাসেরহাট ঘাটে ভিড়ছিল লঞ্চটি। এ সময়
হঠাৎ করে নদীর পাড়ের অনেকাংশ মাটি ভেঙে পানিতে পড়ে। এর ফলে লঞ্চটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং স্রোতের তোড়ে ডুবে যায়।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল ইসলাম বলেন, লঞ্চটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ছয় থেকে সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে ১৩টি। বাকিরা এখনো নিখোঁজ।
বরিশাল জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন এ পর্যন্ত ২৮ জনের নিখোঁজের তালিকা করেছে। উদ্ধার করা ১৩টি লাশের মধ্যে নয়জনকে শনাক্ত করা হয়েছে।
লঞ্চডুবির পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরিসহ অন্যান্য উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা পানি থেকে লাশগুলো তুলে আনতে থাকেন। আর ঘাটে ভিড় জমাতে শুরু করেন নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। উদ্ধারকারীরা একটি লাশ পানি থেকে ডাঙায় তুলতেই হুড়োহুড়ি করে স্বজনেরা ছুটে যান সেখানে। স্বজনকে না পেয়ে আবার ফিরে যান উদ্ধারকাজ দেখতে।
স্থানীয় ওটরা গ্রামের রোকসানা বেগম তাঁর যমজ দুই ছেলে-মেয়ে শান্তা (৭) ও রাব্বিকে (৭) নিয়ে বেড়াতে গিয়েছিলেন স্বরূপকাঠির ইন্দেরহাটে এক আত্মীয়ের বাড়ি। সেখানে থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। মেয়ে শান্তার মৃতদেহ পাওয়া যায় সন্ধ্যার কিছু আগে। রোকসানা ও তাঁর ছেলে রাব্বি এখনো নিখোঁজ। রোকসানার স্বামীর নাম সিদ্দিকুর রহমান। তিনি বাড়িতে না থাকায় দেবর রহিম মল্লিক খবর শুনে বিকেলে এসে দুর্ঘটনাস্থলে পৌঁছান। ভাতিজি শান্তার মৃতদেহ দেখে শনাক্ত করেন তিনি।
দুপুর থেকে বাবা জয়নাল হাওলাদারের খোঁজে ঘুরছিলেন মাসুম আর মানিক। কিন্তু রাত পর্যন্ত কোনো খোঁজ পাননি। তাঁদের মতো আরও বহু মানুষ স্বজনের খোঁজে ঘাটেই রাত কাটাচ্ছেন।
ইউএনও বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হলেও নদীতে তীব্র স্রোতের কারণে বিকেল পর্যন্ত লঞ্চটির সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার একটু আগে লঞ্চটির হদিস মিললেও স্থানীয় পন্থায় উদ্ধারকারীরা সেটিকে টেনে কিনারে তোলার চেষ্টা করে ব্যর্থ হন।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার প্রথম আলোকে বলেন, লঞ্চটি প্রায় ১০০ মিটার পানির নিচে রয়েছে। সেটিকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত ও অন্ধকারের কারণে সন্ধ্যা পৌনে সাতটা থেকে উদ্ধার তৎপরতা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
গতকাল রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা বন্ধ ছিল। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ডেকে পাঠানো হয়েছে। সেটি এলে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
গতকাল সন্ধ্যায় বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ বরিশালের উপপরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে একটি বাল্কহেড দিয়ে সনাতন পদ্ধতিতে লঞ্চটি টেনে তোলার চেষ্টা করেন উদ্ধারকর্মীরা। কিন্তু নদীতে প্রবল স্রোতের কারণে রশি ছিঁড়ে যাওয়ায় সে চেষ্টা ব্যর্থ হয়।
বরিশাল জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেছেন, দুর্ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। নয়জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি চারজনের লাশ রাখা হয়েছে শনাক্ত করার জন্য। লাশগুলো দাফনের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।