সন্ধ্যার ভাঙনে বাজার, ঘরবাড়ি, ফেরিঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর ভাঙনের মুখে পড়েছে আমড়াঝুড়ি ফেরিঘাট, বাজার ও কয়েক শ বাড়িঘর। গত দুই বছরে নদীভাঙনের কারণে ২৩ বার ফেরিঘাট স্থানান্তর করতে হয়েছে। গত এক সপ্তাহে বিলীন হয়েছে আমড়াঝুড়ি বাজারের ছয়টি দোকান।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কাউখালী অঞ্চলের উপসহকারী প্রকৌশলী অরুণ কুমার বিশ্বাস জানান, সন্ধ্যা নদীর ভাঙনের কারণে ফেরিঘাটের দুই প্রান্ত ভেঙে যাচ্ছে। গত দুই বছরে আমড়াজুড়ি ফেরিঘাটের নেছারাবাদ প্রান্ত (উত্তর প্রান্ত) ২০ বার এবং কাউখালী প্রান্ত (পূর্ব প্রান্ত) তিনবার ঘাট স্থানান্তর করতে হয়েছে। বর্তমানে ফেরিঘাটের উত্তর প্রান্তে নদীভাঙনের কারণে দু-তিন দিনের মধ্যে ঘাট স্থানান্তর করতে হবে। আমড়াজুড়িতে কয়েক বছর আগে সন্ধ্যা নদী প্রস্থে ২৫০-৩০০ মিটার ছিল। ভাঙনের কারণে বর্তমানে তা বেড়ে ৬০০ মিটার হয়েছে।
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা নদীর দুই তীরের আমড়াঝুড়ি, আশোয়া, কুমিয়ান, বন্দর্ব আমড়াঝুড়ি আবাসন, সোনাকুর এলাকার পাঁচ কিলোমিটারজুড়ে নদীভাঙন শুরু হয়েছে। ভাঙনের মুখে পড়েছে ফেরিঘাট, বাজার ও বাড়িঘর। আমড়াঝুড়ি ফেরিঘাট এলাকায় নদীভাঙনের ফলে গ্যাংওয়ের নিচের মাটি সরে গেছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন ওঠানো-নামানো করছে। আমড়াঝুড়ি বাজারে ১০-১২টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ফেরিঘাট মসজিদ ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় লোকজন জানান, নেছারাবাদ উপজেলার সঙ্গে পিরোজপুর জেলা শহর, কাউখালী ও ভান্ডারিয়ার উপজেলার সড়কপথে যাতায়াতের জন্য আমড়াঝুড়ি ফেরি ব্যবহৃত হয়। ফেরি বন্ধ হয়ে গেলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে।
আমড়াঝুড়ি বাজারের ওষুধ ব্যবসায়ী গাজী আনোয়ার হোসেন বলেন, প্রতিবছর সন্ধ্যা নদী ভাঙে। গত ২০ বছরে সন্ধ্যার ভাঙনে কয়েক শ বাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। গত এক সপ্তাহে আমড়াঝুড়ি বাজারের ছয়টি দোকান ভেঙেছে। জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কাউখালী উপজেলার আমড়াঝুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার খান বলেন, ‘ভাঙনের ফলে আমার বাড়ি নদীতে বিলীন হয়েছে। ১০ বছর ধরে ভাঙন চললেও গত দুই বছরে এর তীব্রতা বেড়েছে।’
সামাজিক সংগঠন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ বলেন, ‘নদীভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আমরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।’
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বজলুর রশিদ জানান, সন্ধ্যা নদীর ভাঙন রোধে ‘কাউখালী বন্দর রক্ষা প্রকল্প’ নামে ২২ কোটি টাকার একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে কাজ শুরু করা হবে।