চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক, গবেষণা ও দাপ্তরিক কার্যক্রম এখন থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে শেষ করতে হবে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্দেশনা মেনে চলতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগের সভাপতি, পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় ‘জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ সেলের’ সিদ্ধান্ত অনুসারে সব অনুষদ, ছাত্রাবাস, বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তরের সব একাডেমিক, গবেষণা ও দাপ্তরিক কার্যক্রম (জরুরি প্রয়োজনে ছাত্রাবাস ব্যতীত) সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে সম্পন্ন করতে হবে। সাড়ে ছয়টার পর সব দপ্তরের মূল ফটক তালাবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা প্রথম আলোকে বলেন, সম্প্রতি দেশে জঙ্গি হামলায় পূর্বপরিকল্পনার বিষয়টি উঠে এসেছে। কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এ জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে ‘জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ সেল’। তবে অনুমতি সাপেক্ষে গবেষণা কার্যক্রম চালানো যাবে।