সন্ধ্যার মধ্যে সারতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক, গবেষণা ও দাপ্তরিক কার্যক্রম এখন থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে শেষ করতে হবে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ নির্দেশনা মেনে চলতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগের সভাপতি, পরিচালকসহ সংশ্লিষ্টদের একটি চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা।

চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় ‘জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ সেলের’ সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, ছাত্রাবাস, বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তরের সব একাডেমিক, গবেষণা ও দাপ্তরিক কার্যক্রম (জরুরি প্রয়োজনে ছাত্রাবাস ব্যতীত) সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হলো। সাড়ে ছয়টার পর সব দপ্তরের মূল ফটক তালাবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা প্রথম আলোকে বলেন, সম্প্রতি দেশে জঙ্গি হামলায় পূর্বপরিকল্পনার বিষয়টি উঠে এসেছে। আলোচনা করে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, এ জন্য এই ব্যবস্থা নিয়েছে ‘জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ’ সেল। তবে জরুরি প্রয়োজনে অনুমতি সাপেক্ষে গবেষণা কার্যক্রম চালানো যাবে।