সন্ধ্যায় এসি চলে সংসদে সেই আবেদন উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশবাসীকে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও গতকাল সংসদ অধিবেশন চলাকালে তা মানা হয়নি। বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হয়ে শেষ হয় রাত আটটায়। এসি বন্ধ করা হয় রাত নয়টায়।বিদ্যুৎ সাশ্রয়ে এনার্জি রেগুলেটরি কমিশন সন্ধ্যায় এসি বন্ধ রাখার আবেদন জানালেও সংসদে বিপুলসংখ্যক এসি চলছে কেন, জানতে চাইলে স্পিকার আবদুল হামিদ বলেন, বিষয়টি আলোচনাযোগ্য। তবে এই নির্দেশনা অবশ্যই সবাইকে বিবেচনায় নেওয়া উচিত। আর সংসদের ব্যাপারে সংসদকেই সিদ্ধান্ত নিতে হবে।স্পিকার বলেন, সংসদ পরিচালনার জন্য অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়, এটা সত্যি। দেশের বর্তমান বিদ্যুৎ-সংকটও বাস্তবতা। তাই সংসদের জন্য পৃথক সৌরবিদ্যুতের ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে। কারণ, সংসদ ভবনের চারপাশে অনেক খোলা জায়গা আছে। দিনের আলো এখান থেকে অনেক বেশি সংরক্ষণ করা সম্ভব।জানা গেছে, এসি ছাড়াও সংসদের ভেতরে ও চারপাশজুড়ে অসংখ্য বাতি জ্বালানো হয়। এখন নিরাপত্তার কারণে এমপি হোস্টেলেও অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানান, সংসদ অধিবেশন চলাকালে যে পরিমাণ অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হয়, তা দিয়ে গোটা মোহাম্মদপুর এলাকা চালানো সম্ভব। তাই এ মুহূর্তে সন্ধ্যার পর সংসদ না চালালে উপকৃত হবে নগরবাসী।