সন্ধ্যায় খোলা জায়গায় অনুষ্ঠান নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের পয়লা বৈশাখের দিন বিকেল পাঁচটার পর থেকে উন্মুক্ত স্থানে কোনো প্রকার কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান করা যাবে না। ১৩ এপ্রিল সকাল ছয়টা থেকে ১৪ এপ্রিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। আর রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল সাড়ে চারটার পর প্রবেশ করা যাবে না। 


আজ সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, বিগত দিনগুলোর ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে এবারের আইনশৃঙ্খলার বিষয়টি সাজানো হয়েছে। নববর্ষ উদ্‌যাপনের লক্ষ্যে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রসরোবর, হাতিরঝিলসহ ঢাকার বিভিন্ন স্থানে সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।

এবারের মঙ্গল শোভাযাত্রায় ইভ টিজিং প্রতিরোধে সোয়াত টিম দায়িত্ব পালন করবে। ভুভুজেলা বাজানো, বেচা-কেনা সম্পূর্ণ নিষিদ্ধ। শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না, তবে হাতে রাখতে পারবে। চারুকলার অনুমোদন ছাড়া অন্য কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান শোভাযাত্রায় প্রবেশ করতে পারবে না।

বৈশাখের অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বের হওয়ার পথ: রমনা পার্ক: প্রবেশপথ—অরুণোদয় (সুগন্ধার বিপরীতে), রমনা রেস্তোরাঁ গেট, অস্তাচল (শিশুপার্কের বিপরীতে)। বের হওয়ার পথ—উত্তরায়ণ (পুলিশ ভবন ক্রসিং, মিন্টো রোডের শেষ প্রান্ত) ও বৈশাখী গেট (ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বিপরীতে)। আর রমনা পার্কে প্রবেশ এবং বের হওয়া—দুটির জন্য উন্মুক্ত থাকবে শ্যামলীমা (কাকরাইল মসজিদ) ও স্টর গেট (মৎস্য ভবন) ও নতুন গেট (শিখা চিরন্তনের বিপরীতে)।

সোহরাওয়ার্দী উদ্যান: প্রবেশ পথ—বাংলা একাডেমির বিপরীতে নতুন গেট, শিখা চিরন্তন গেট, তিন নেতার মাজারসংলগ্ন গেট। বের হওয়ার পথ—ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-সংলগ্ন গেট, রমনা কালীমন্দির গেট। ছবির হাট ও টিএসসি-সংলগ্ন গেট দিয়ে প্রবেশ ও বের হওয়া যাবে না। এ দুটি গেট বন্ধ থাকবে।

পয়লা বৈশাখের দিন ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যানবাহন যেসব রুটে চলাচল করবে, সেগুলো হলো সোনারগাঁওয়ের উত্তর দিক থেকে আসা সব ধরনের যাত্রীবাহী বাস গুলিস্তান কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ী যাবে, সেসব যাত্রীবাহী বাস হোটেল সোনারগাঁও ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে। অথবা সোনারগাঁও হোটেল থেকে সোজা এসে বাংলামোটর ক্রসিংয়ে বাঁয়ে মোড় নিয়ে মগবাজার সোজা গিয়ে মৌচাক-মালিবাগ হয়ে গন্তব্যে যাবে এবং আসবে।

মিরপুর রোডের উত্তর দিক থেকে যেসব গাড়ি মতিঝিল-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-শ্যামপুর যাবে, সেগুলো মোহাম্মদপুর-সায়েন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-বেবি আইসক্রিম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চানখাঁরপুল দিয়ে গুলিস্তান হয়ে গন্তব্যে যাবে এবং আসবে। টঙ্গী-এয়ারপোর্ট রুটের যে গাড়িগুলো গুলিস্তান ও সায়েদাবাদ যাতায়াত করে, সেসব রুটের গাড়ি টঙ্গী-বিমানবন্দর-প্রগতি সরণির বাঁয়ে মোড় বিশ্বরোড ধরে মালিবাগ রেলক্রসিং বাঁয়ে মোড় খিলগাঁও ফ্লাইওভার ধরে গন্তব্যে যাবে এবং আসবে। ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী রুটের যে গাড়িগুলো গুলিস্তান, ফুলবাড়িয়া যাতায়াত করে, সেসব রুটের গাড়ি মানিকগঞ্জ-ধামরাই-গাবতলী-মিরপুর-রোড ধরে সায়েন্স ল্যাব সোজা নিউমার্কেট-নীলক্ষেত ক্রসিং সোজা আজিমপুর বেবি আইসক্রিম মোড় সোজা গোরশাহ মাজার বাঁয়ে মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চানখাঁরপুল হয়ে গন্তব্যে যাবে এবং আসবে।

যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে: বাংলামোটর থেকে পুরোনো এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন থেকে রূপসী বাংলা ক্রসিং। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্রসিং-মৎস্য ভবন-কদম ফুল ক্রসিং-হাইকোর্ট ক্রসিং পর্যন্ত। রুপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলি রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং বাঁয়ে মোড়-চার্চ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত। নীলক্ষেত ক্রসিং থেকে টিএসসি ক্রসিং। পলাশীর মোড় থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং। বকশীবাজার থেকে জগন্নাথ হল হয়ে টিএসসি পর্যন্ত।

গাড়ি পার্কিং করা যাবে যেসব স্থানে: নেভী গ্যাপ ​থেকে পুরোনো এলিফ্যান্ট রোড, জিরো পয়েন্ট থেকে আবদুল গণি রোড, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা কার্পেট গলি, জগন্নাথ হল থেকে আবদুল গণি রোড, কার্জন হল থেকে ফুলবাড়িয়া, বেইলি রোড (ভিআইপি গাড়ি), কাঁটাবন থেকে পলাশী, মিন্টো রোড (মিডিয়া গাড়ি) পার্কিং করা যাবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, কী এমন হুমকি, যে কারণে এত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে? উত্তরে ডিএমপি কমিশনার বলেন, ‘এ উৎসবটা জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে একটা উৎসব। নির্ভয়ে মানুষ যেন আনন্দ উপভোগ করতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে। আমরা শুধু বাইরে অনুষ্ঠান করা নিষেধ করেছি।’ আবার ওলামা লীগের পয়লা বৈশাখ নিষিদ্ধের দাবি প্রসঙ্গে কমিশনার বলেন, গণতান্ত্রিক দেশ অনেকে অনেক কথাই বলবে। সব কথায় কান দেওয়া যাবে না।

এত নিরাপত্তার মধ্যেও দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে কি না, এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘এটা একমাত্র ওপরওয়ালা ছাড়া আর কেউ বলতে পারে না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের উপকমিশনার (ডিসি) খান মো. রেজওয়ান, রমনার জোনের ডিসি আবদুল বাতেন প্রমুখ।