সন্ধ্যায় দুটো বাসে ভাঙচুর চালাল অবরোধকারীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পল্টন এলাকায় যানবাহনে ভাঙচুর চালিয়েছে অবরোধকারীরা। যদিও সারা দিনে রাজধানীতে অবরোধের পক্ষে তেমন কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে পল্টন মোড়ের পশ্চিম পাশের সড়কে অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে অবরোধের সমর্থকেরা। এ সময় তারা বিকল্প পরিবহন ও রাজা সিটি পরিবহনের দুটি বাস ভাঙচুর করে। এ ছাড়া কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় অবরোধকারীরা।
রমনা বিভাগ পুলিশের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, অবরোধকারীরা পল্টন এলাকায় দুটি বাসে ভাঙচুর চালিয়েছে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশের ধাওয়ায় অবরোধকারীরা পালিয়ে যায়।’