সন্ধ্যায় সবার চোখ বড় পর্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ফাইনাল নিশ্চিত করেছে গত বুধবার। তারপর থেকেই চলছে খেলা দেখার প্রস্তুতি। স্টেডিয়ামে খেলা দেখার টিকিট পাওয়ার যুদ্ধে পরাজিতের সংখ্যাই বেশি। তাই একসঙ্গে খেলা দেখার আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর অনেক জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি-উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি), শাহবাগ, মোহাম্মদপুরের কাঁটাসুরের মকবুল কলেজের সামনে, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের জিয়ান রেস্টুরেন্টের সামনে, কলাবাগান মাঠ, রবীন্দ্রসরোবর, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ক্রীড়ালেখক সমিতি মিলনায়তন ও আউটার মাঠ, মাতুয়াইল মেডিকেল কলেজের ভেতর, বনানীর ক্লাব মাঠ, ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজ মাঠ, সেনপাড়া পর্বতা, পুরান ঢাকার সিদ্দিক বাজারে বড় পর্দায় খেলা দেখানো হবে। এ ছাড়া মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এলাকাতেও বড় পর্দায় খেলা দেখানোর সম্ভাবনা আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বরাবরই বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। ঢাকার বিভিন্ন জায়গা থেকে তরুণেরা বন্ধুবান্ধব মিলে খেলা দেখতে চলে আসেন টিএসসিতে। বাংলাদেশের আগের ম্যাচগুলোতে দেখা গেছে, টিএসসিতে আনন্দে মেতে থাকেন সবাই। কী নেই সেখানে। মোটর শোভাযাত্রা, ট্রাকে করে মিছিল, নাচ, গান, স্লোগান আর রং ছিটিয়ে চলে বিজয়োল্লাস। বাংলাদেশের বিজয়ে রাতভর চলে আনন্দ উল্লাস।
মাহবুব স্মারক বলেন, ‘ফাইনালের টিকিট চাই না। শাহবাগে বিশাল এলইডি স্ক্রিন। খোলা আকাশ। বন্ধুরা মিলে জনতার কাতারে বসে খেলা দেখব।’
বাংলাদেশের খেলা থাকলে যেন থমকে দাঁড়ায় কর্মব্যস্ত ঢাকা। উত্তেজনায় ঠিকমতো কাজ করতে পারেন না কেউই। অফিস-আদালতের কাজে কারও মনোসংযোগ থাকে না। সবার দৃষ্টি নিবদ্ধ থাকে টেলিভিশনের পর্দায়। বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের চার কিংবা ছক্কা হাঁকানোয় বা বিপক্ষের কারও উইকেট নিলে তাঁরা উল্লাসে ফেটে পড়েন। খেলা শুরু হতেই পাড়া-মহল্লার চায়ের দোকানে লাগানো টেলিভিশনের সামনে জমবে দর্শকের ভিড়। টেলিভিশন বিক্রির দোকানের কাচের ওপাশে থমকে
দাঁড়াবেন পথচলতি উৎসুক ক্রিকেটপ্রেমীরা।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রায়ফুল আহসান বলেন, ‘এমন ফাইনাল তো প্রতিদিন আসে না। উত্তেজনার সময় কি কোনো কাজ করা যায় নাকি। দরকার হলে পরে বেশি সময় কাজ করে পুষিয়ে দেব। কিন্তু একটি বলও মিস করা যাবে না।’
কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরাও প্রত্যেকেই যেন ক্রিকেটবোদ্ধা। আলোচনা-সমালোচনা, বাংলাদেশ ও ভারতের শক্তি-দুর্বলতা সবকিছু নিয়ে মেতে উঠেছেন গবেষণায়।