সন্ধ্যায় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের থাকতে হবে

এখন থেকে ঢাকার সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সন্ধ্যা বেলায় রোগী দেখতে হবে। আজ শনিবার রাজধানীর সব হাসপাতালের কর্তৃপক্ষকে ডেকে জরুরি সভা করে এ নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
খোঁজ নিয়ে জানা গেছে ৩১ মে তেজগাঁও এর নাক, কান ও গলা হাসপাতালে দুপুর সোয়া দুইটায় গিয়ে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না পাওয়ায় ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে আজ সভা আহ্বান করেন তিনি। বৈঠকে হাসপাতালগুলোর কর্তৃপক্ষও বিভিন্ন সমস্যার কথা বলেন।
এর আগেও গত ৫ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে সন্ধ্যার সময় রোগীরা যেন বিশেষজ্ঞ সেবা পান, সে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছিলেন। দুই মাসেও নির্দেশ বাস্তবায়িত না হওয়ার কারণ জানতে চেয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে জবাব এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী।
বৈঠকে জরুরি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ সৃষ্টির কথা বলা হয়েছে। এ ছাড়া আগের মতো আবাসিক চিকিৎসকদের হাসপাতালে সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। প্রায় আড়াই ঘন্টা ধরে চলা বৈঠকের আগেই স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করেন।
বৈঠকে উপস্থিত কমপক্ষে তিনটি সূত্র বলেছে, স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার কথা বলেন। হাসপাতালের পরিচালকেরা বলেন, অবকাঠামোগত ত্রুটি সারানোর দায়িত্ব গণপূর্ত বিভাগের। তাদের ওপর হাসপাতালের পরিচালকদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাঁরা কী কাজ করেন, আদৌ করেন কি না সে সম্পর্কে পরিচালকেরা খবর পান না। এ ছাড়া তাঁরা হাসপাতালে রোগীর দর্শনার্থীদের ভিড় কমানোর কথা বলেন। বিছানার অতিরিক্ত রোগী এবং এক রোগীর জন্য কমপক্ষে তিনজন দর্শনার্থী হওয়ায় হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অনেক সময় সম্ভব হয় না।
সভায় ইচ্ছেমতো যন্ত্রপাতি কেনাকাটা হচ্ছে বলে মন্ত্রণালয়ের শীর্ষ একজন কর্মকর্তা উল্লেখ করেন। কেনাকাটার বিষয়টি একটা নিয়ম নীতির মধ্যে নিয়ে আসার কথা বলেন বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তি।