সপরিবারে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের হাটগোবিন্দপুর এলাকার আবদুল আজিজ (৪৮) মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ড ভোগ করছেন। চলতি মাসের ৪ তারিখ ভ্রাম্যমাণ আদালত তাঁকে ওই দণ্ড দেন। গত শনিবার দুপুরে ফরিদপুর কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন স্ত্রী সূর্য বেগম (৩২)। কারারক্ষী শামীমা আক্তার জানান, সূর্য বেগমের আচরণে সন্দেহ হওয়ায় তাঁর দেহ তল্লাশি চালিয়ে পলিথিনের থলেতে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) আবদুর রাজ্জাকের গোচরে আনা হলে, তিনি র্যাব-৮-এর ফরিদপুর ক্যাম্পকে জানান। র্যাব ঘটনাস্থলে এসে সূর্য বেগমকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার মতিন ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে সূর্য বেগমকে ওই কারাগারেই পাঠানোর নির্দেশ দেন।ফরিদপুর কারাগারের তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, স্বামীকে দেখতে আসার সময় সূর্য বেগমের সঙ্গে একমাত্র সন্তানটিও (তিন বছরের মেয়ে) ছিল। মা-মেয়ে দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন।