সপরিবারে যুক্তরাষ্ট্রে ভেগেছেন খিলক্ষেত থানার ওসি
পরিবার নিয়ে গোপনে যুক্তরাষ্ট্রে চলে গেছেন রাজধানীর খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। ১৫ ডিসেম্বর দুপুরে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে তিনি দেশত্যাগ করেন। তবে কেন তিনি পালিয়ে গেলেন, সে সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি।
দায়িত্ব ফেলে থানার ওসির এভাবে পালিয়ে যাওয়া নিয়ে বিব্রত মহানগর পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এ নিয়ে তাঁরা অভিবাসন পুলিশ থেকে দরকারি কাগজপত্রও সংগ্রহ করেছেন। কিন্তু গণমাধ্যমের সামনে কেউ কোনো কথা বলতে চাননি। গতকাল বুধবার মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ও গুলশানের উপকমিশনার খন্দকার লুৎফুল কবীরের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। রাতে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিনি সিক (অসুস্থতাজনিত ছুটি) রিপোর্ট করেছেন। এর পর থেকে অনুপস্থিত আছেন। এখন তিনি কোথায় আছেন তা জানি না, অনুসন্ধান করে দেখা হচ্ছে।’
শামীম হোসেনের কর্মস্থল খিলক্ষেত থানার সঙ্গে যোগাযোগ করা হলে সেখানে দায়িত্বরত উপপরিদর্শক মনির হোসেন বলেন, ‘গত ১৪ তারিখ স্যার অসুস্থ হয়ে পড়ায় থানা থেকে পুলিশ হাসপাতালের দিকে রওনা হন।’ এরপর তাঁরা কিছু জানেন না। একই কথা বলেছেন খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) এবং বর্তমানে ওসির দায়িত্বে থাকা খান মোহাম্মদ আশরাফউদ্দীন। তিনি বলেন, ‘স্যার অসুস্থতার জন্য রেস্টে আছেন।’ পুলিশ হাসপাতালে খোঁজ নিয়ে এ তথ্যের সত্যতা মেলেনি।
ডিএমপি সদর দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শামীম হোসেনের নিখোঁজ থাকা প্রসঙ্গে খোঁজ করতে গিয়ে তাঁরা জানতে পারেন যে তিনি আমেরিকা পাড়ি জমিয়েছেন। এরপর তাঁর বিদেশ গমন সম্পর্কে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশের কাছে জানতে চাওয়া হয়। পুলিশের বিশেষ শাখা থেকে মহানগর পুলিশকে জানানো হয়, ১৫ ডিসেম্বর সকালে সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
সরকারি একজন কর্মকর্তা, বিশেষ করে পুলিশের মতো সুশৃঙ্খল বাহিনীর একজন কর্মকর্তাকে বিদেশে যেতে হলে অনেক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। সংশ্লিষ্ট বিভাগ, পুলিশ সদর দপ্তরসহ বেশ কয়েকটি পর্যায়ের অনুমোদনের প্রয়োজন হয়। এত কিছু পাশ কাটিয়ে কাউকে না জানিয়ে তিনি কীভাবে বিমানবন্দর পার হলেন, জানতে চাইলে ডিএমপির এক কর্মকর্তা জানান, ওসি শামীম নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে পাসপোর্ট তৈরি করেছেন। যুক্তরাষ্ট্র থেকে ভ্রমণের আমন্ত্রণ-সংবলিত একটি চিঠিও জোগাড় করেন। সেই আমন্ত্রণের ওপর ভিত্তি করে ভিসা নেন।
অভিযোগ রয়েছে, শামীম হোসেন খিলক্ষেত এলাকায় দায়িত্ব পালনের সময় দুটি হাউজিং কোম্পানির হয়ে জমি দখলে সহায়তা করেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে এলাকার মানুষ পুলিশ সদর দপ্তরে অভিযোগও করেন।