সপরিবারে শাহবাগে...
মাথার ওপরে প্রখর রোদ। রাজাকারদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ। সেই উত্তাল গণজাগরণে শামিল হয়েছেন ইস্কাটনের বাসিন্দা মোশারফ হোসেন। সঙ্গে পুরো পরিবার। সবার কপালে লাল-সবুজ পতাকা। হাতে জাতীয় পতাকা। স্ত্রী ইয়াসমিন আক্তার, সাড়ে তিন বছরের ছেলে রাফান আর সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে মেঘান। সবাই কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছেন। গতকাল শনিবার দুপুরে এক ফাঁকে কথা হয় মোশারফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান, বিবেকের তাড়নায় এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছি। সন্তানদেরও নিয়ে এসেছি তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে, যেন জাতির বড় সংকটে তারাও এমন ভূমিকা রাখতে পারে।’ তিনি বলেন, ‘বড় হলে সন্তানদের বলব, লাখো জনতার ওই আন্দোলনে তোমরাও ছিলে।’মোশারফ হোসেনের পরিবারের মতো অনেক পরিবারই শাহবাগে শামিল হয়ে রাজাকারদের ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছে। ওই সব পরিবারের সদস্যরা কপালে ও কবজিতে লাল-সবুজ পতাকা বেঁধে, হাতে পতাকা নিয়ে হাজির হচ্ছেন শাহবাগে। কেউ কপালে, কেউ হাতে, কেউ শরীরে রাজাকারবিরোধী স্লোগান লিখেছেন।দুই মেয়ে দূর্বা ও সুধাকে সঙ্গে নিয়ে শাহবাগে এসেছেন বনানীর বাসিন্দা শাহীনা মমতাজ। তিনি গণজাগরণ ও বর্তমান প্রজন্ম সম্পর্কে বলেন, ‘ফেসবুক ব্যবহার করার জন্য সন্তানদের অনেক বকেছি। কিন্তু এখন ভুল ভেঙে গেছে। তারা দেশকে অনেক ভালোবাসে, অনেক কিছুর খবর রাখে। এই আন্দোলন তারই প্রমাণ।’পরিবার নিয়ে কাকরাইল থেকে এসেছেন বিমা কোম্পানিতে কর্মরত শাহাব উদ্দিন। সঙ্গে স্ত্রী, অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছেলে মাহমুদ শাওন ও তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে উম্মে সায়মা শাওন। শাহাব উদ্দিন বলেন, ‘গণজাগরণের কাতারে আমরাও শরিক হলাম। সন্তানদের নিয়ে এলাম, তারা দেখুক, দেশের মানুষ আজ স্বাধীনতাবিরোধীদের ফাঁসি চায়, ঘৃণা করে রাজাকারদের।’ তিনি বলেন, ‘আমি চাই, আমার সন্তানেরাও মুক্তিযুদ্ধের চেতনায় ও সঠিক ইতিহাস জেনে বেড়ে উঠুক।’উত্তরা থেকে এসেছেন সৈয়দ হোসেন জামি। সঙ্গে স্ত্রী ও আড়াই বছরের মেয়ে স্বাগতা। তিনি বলেন, ‘আমার রক্তে যে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ ও দেশপ্রেম, তা আমার মেয়ের মাঝেও প্রবাহিত হবে, এ জন্য তাকে সঙ্গে এনেছি।’