মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র: সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল
সপ্তম অভিযোগ খণ্ডন করে আসামিপক্ষের যুক্তি
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন চলছে। আসামিপক্ষের আইনজীবী গতকাল বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে সপ্তম অভিযোগের বিষয়ে যুক্তি খণ্ডন করেন।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ গতকাল ২৭তম দিনের মতো শুনানি গ্রহণ করেন। আগামী রোববার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
সাঈদীর আইনজীবী এস এম শাহজাহান গতকাল সপ্তম অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের দেওয়া যুক্তি খণ্ডন করে বক্তব্য উপস্থাপন করেন। গতকাল তিনি তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন। গত বুধবার তিনি ষষ্ঠ অভিযোগের বিষয়ে যুক্তি দেন। গতকাল সপ্তম অভিযোগের বিষয়ে বক্তব্য উপস্থাপনের পর অষ্টম অভিযোগের ওপর যুক্তি দেওয়া শুরু করেন।
গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আদালতে উপস্থিত ছিলেন।
শহীদুল ইসলাম সেলিমের বাবাকে নির্যাতন ও বাড়িতে আগুন দেওয়া-সংক্রান্ত সপ্তম অভিযোগের বিষয়ে শুনানিতে এস এম শাহজাহান বলেন, এই অভিযোগের সপক্ষে রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মোস্তফা হাওলাদার বলেছেন, খালের ওপার থেকে ধোঁয়া দেখেন। যার অর্থ দাঁড়ায়, তিনি (সাক্ষী) ঘটনাস্থলে ছিলেন না। এই সাক্ষী সেলিমের বাবা নুরুল ইসলামের ওপর নির্যাতনের বিষয়ে কিছু বলেননি। তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া বক্তব্যে বলেননি যে সাঈদী ওই বাড়ি দেখিয়ে দেন।
সাঈদীর বিরুদ্ধে সপ্তম অভিযোগে বলা হয়, একাত্তরের ৮ মে বেলা দেড়টার দিকে সাঈদী পাকিস্তানি সেনাদের নেতৃত্ব দিয়ে বাদুরিয়া গ্রামের শহীদুল ইসলাম সেলিমের বাড়িতে নিয়ে যান। সেখানে শহীদুলকে মুক্তিযোদ্ধা ও তাঁর বাবা নুরুল ইসলাম খানকে আওয়ামী লীগার হিসেবে চিহ্নিত করেন এবং পাকিস্তানি সেনাদের হাতে সোপর্দ করেন। পরে তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।