সপ্তম দিনে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান কর্মশালা
চট্টগ্রামে সপ্তম দিনের মতো অনুষ্ঠিত হলো রয়েল সিমেন্ট-প্রথম আলো বিজ্ঞানবিষয়ক কর্মশালা। গতকাল বুধবার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে চলছে বিজ্ঞানবিষয়ক এই কর্মশালা।
গতকাল সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের নগরের মহিলা কলেজ মিলনায়তনে কর্মশালা শুরু হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক সৈয়দ মো. মিনহাজ হোসাইন। কর্মশালা শেষে বিজ্ঞান কুইজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের মহিলা কলেজের অধ্যক্ষ তহুরীন সবুর, কলেজের শিক্ষক ইলোরা ইসলাম ও প্রীতম সেন। এ সময় চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম তানভীর ও নারীবিষয়ক সম্পাদক তাহসীন চৌধুরী উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১১টায় নগরের চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজে শুরু হয় কর্মশালা। এখানেও প্রশিক্ষক হিসেবে ছিলেন সৈয়দ মো. মিনহাজ হোসাইন। কর্মশালা শেষে কুইজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক কাজল কান্তি আচার্য্য ও শিক্ষক রিজিয়া আক্তার।
বেলা একটায় চট্টগ্রাম বিজ্ঞান কলেজে বসে বিজ্ঞানবিষয়ক কর্মশালার আসর। এতে প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক এস এম মোয়াজ্জেম হোসেন। প্রশিক্ষণ শেষে কুইজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক রাহেনা আক্তার, চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি শিহাব জিশান ও সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল চৌধুরী।
১৫ মার্চ থেকে শুরু হওয়া এসব কর্মশালায় একটি নতুন বিজ্ঞান প্রকল্প কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে নগরের ২২টি বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞানবিষয়ক কর্মশালা। আগামী ৮ এপ্রিল নগরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে বসবে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞানবিষয়ক কুইজ ও সাংস্কৃতিক পরিবেশনার আসর। এ আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে চট্টগ্রাম বন্ধুসভা। বিজ্ঞান সহযোগী হিসেবে রয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী বিজ্ঞানচিন্তা।