সপ্তম নৌবহর আসার খবর নাকচ করেছেন মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মার্কিন নৌবহর আসার খবর নাকচ করে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরের সময় এ বিষয়ে কোনো কথা হয়নি। গতকাল রোববার আমেরিকান সেন্টারে নিউজ নেটওয়ার্ক আয়োজিত নারী সাংবাদিকদের সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।মজীনা বলেন, হিলারি ক্লিনটন ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে কথা বলেছেন। কিন্তু কখনোই বঙ্গোপসাগরে মার্কিন নৌবহর মোতায়েন নিয়ে কোনো কথা হয়নি। এর আগে ড্যান মজীনা ফেলোশিপ করা ২০ জন নারী সাংবাদিকের হাতে সনদ তুলে দেন। এই ২০ জন সাংবাদিক আমেরিকান সেন্টারের অর্থায়নে নিউজ নেটওয়ার্কের সহায়তায় নয় মাস প্রশিক্ষণ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনবির প্রধান সম্পাদক এনায়েত উল্লাহ খান, মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম ও ইংরেজি দৈনিক দি ফিনানসিয়াল এক্সপ্রেসে-এর উপদেষ্টা জগলুল চৌধুরী ও নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামান।