সপ্তম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
ময়মনসিংহের ত্রিশালে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে। বুদ্ধি ও সাহস দিয়ে সে নিজে এ বিয়ে বন্ধ করেছে। তাকে সহায়তা করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রীর বাড়ি ফুলবাড়িয়া উপজেলায়। আগামী ১২ এপ্রিল মামাতো ভাই ওমর ফারুকের (২১) সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। কার্ড বিতরণ করে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণও জানানো হয়। কিন্তু লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ থাকায় সে এত অল্প বয়সে বিয়ে করতে চাচ্ছিল না। এ কারণে সে বিয়ের কার্ড নিয়ে গত বৃহস্পতিবার বিদ্যালয়ে যায় এবং তার সহপাঠিদের সেটি দেখায়। এরপর তারা সবাই মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যায়। তাদের কাছ থেকে বিষয়টি জানার পর ইউএনও ওই ছাত্রীর বাবা ও বরকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। ইউএনও বর এবং মেয়ের বাবাকে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন এবং ১৮ বছরের আগে বিয়ে দেবেন না বলে বাবার কাছ থেকে মুচলেকা নেন। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, মেয়েটি খুব ভালো এবং মেধাবী। সে পড়াশোনা চালিয়ে গেলে বিদ্যালয়ের পক্ষ থেকে তার ব্যয় বহন করা হবে।ইউএনও মোহামঞ্চদ মিজানুর রহমান বলেন, ‘বাল্যবিবাহের খবরটি ওই ছাত্রীর কাছ থেকে শুনেছি। শুধু তার বুদ্ধিমত্তার কারণে বিয়ে বন্ধ করতে পেরেছি। ছাত্রীর বাবা ১৮ বছরের পর বিয়ে দেবেন বলে মুচলেকা দিয়েছেন।’