সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা গ্রহণ ও ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত জারি করা সামরিক আইন, ফরমান, আদেশ ও নির্দেশকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনী কেন অবৈধ নয়, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও আইনসচিব, সুপ্রিম কোর্টের নিবন্ধক, কারা মহাপরিদর্শক ও চট্টগ্রামের জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।ওই সময়ে সামরিক আদালতের রায়ে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি আদালত রিট আবেদনকারী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আটক সিদ্দিক আহমেদের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা হত্যা মামলাটি কেন পুনরায় বিচার করতে নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।প্রতিক্রিয়া: আদেশ প্রসঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, সপ্তম সংশোধনীর মাধ্যমে এরশাদের ক্ষমতা গ্রহণ, সামরিক শাসন জারি এবং সামরিক আইনের আওতায় জারি করা আদেশ, ফরমান কেন অবৈধ নয় তা জানতে চাওয়া হয়েছে।আইনজীবী হাসান এম এস আজিম প্রথম আলোকে বলেন, ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সপ্তম সংশোধনীর মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা নেওয়া, ওই সময়ে জারি করা সব ফরমান, আদেশ, এর অধীনে গঠিত আদালত ও আদালতের রায় কেন অবৈধ নয় তাও জানতে চাওয়া হয়েছে।গতকালের শুনানি: শুনানিতে আইনজীবী হাসান এম এস আজিম বলেন, সপ্তম সংশোধনী সংবিধানের মূল চেতনার পরিপন্থী। ১৯৮২ সালের ২৪ মার্চ ফরমানের মাধ্যমে সামরিক আইন জারি করে সংবিধানকে সামরিক আইনের অধস্তন করা হয়, যা সংবিধানের ৭ অনুচ্ছেদের পরিপন্থী হওয়ায় সামরিক শাসনকে বৈধতা দেওয়ার ক্ষমতা সংসদেরও ছিল না। এ সংশোধনীর মাধ্যমে সংসদ ও সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে।