সপ্তম সংশোধনীর বৈধতা নিয়ে রিটের রায় আজ
সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা গ্রহণ এবং ১৯৮২ থেকে ’৮৬ সাল পর্যন্ত জারি করা সামরিক আইন, ফরমান, আদেশ ও নির্দেশকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর আজ বৃহস্পতিবার রায় দেওয়া হবে। সাত কার্যদিবস রিটের ওপর শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রায় দেওয়ার দিন ধার্য করেন।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানিতে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা দখল ছিল অবৈধ। মার্শাল ল’ জারিও অবৈধ। কারণ, সংবিধানে সামরিক আইন ও সামরিক শাসনের কোনো বিধান নেই। এরশাদ সেনাপ্রধান হিসেবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। তাঁর জারি করা সামরিক আইন, ফরমান, আদেশ এবং তাঁর রাষ্ট্র পরিচালনা ছিল সংবিধান অনুযায়ী অবৈধ। এটি ফৌজদারি অপরাধ। অবৈধ ও সংবিধানবহির্ভূতভাবে ক্ষমতা দখল করায় তাঁর বিচার হওয়া উচিত। প্রচলিত আইনে এ বিচার সম্ভব।শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী হাসান এম এস আজিম বলেন, সপ্তম সংশোধনী সংবিধানের মূল চেতনার পরিপন্থী। ১৯৮২ সালের ২৪ মার্চ ফরমানের মাধ্যমে সামরিক আইন জারি করে সংবিধানকে সামরিক আইনের অধস্তন করা হয়, যা সংবিধানের ৭ অনুচ্ছেদের পরিপন্থী হওয়ায় সামরিক শাসনকে বৈধতা দেওয়ার ক্ষমতা সংসদেরও ছিল না। এ সংশোধনীর মাধ্যমে সংসদ, সংবিধান ও জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি আরও বলেন, সামরিক শাসন জারির মাধ্যমে এরশাদ সংবিধান স্থগিত করেন। কিন্তু সংবিধান স্থগিত করার কোনো ক্ষমতা তাঁর নেই।এর আগে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন। আদালতের পরামর্শে গতকাল শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল মতিন খসরু।জানা যায়, ওই সময়ে সামরিক আদালতের রায়ে সাজা পাওয়া চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক আহমেদ সংবিধানের সপ্তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে গত এপ্রিল মাসে হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল আদালত রুল জারি করেন। যাবজ্জীবন দণ্ড পাওয়া সিদ্দিক আহমেদের জামিন মঞ্জুর করা হয়। রুলের ওপর শুনানি শেষে গতকাল আদালত রায়ের দিন ধার্য করেন।