সপ্তম সমাবর্তন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন উপলক্ষে গতকাল শিক্ষার্থীরা সমাবর্তন পোশাক  পরে মহড়ায় অংশ নেন l ছবি: প্রথম আলো
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন উপলক্ষে গতকাল শিক্ষার্থীরা সমাবর্তন পোশাক পরে মহড়ায় অংশ নেন l ছবি: প্রথম আলো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ সমাবর্তন হলেও গত রোববার থেকেই মূলত এর কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা সমাবর্তনের পোশাক ও টুপি পরে কৃষি অনুষদের করিডর থেকে সমাবর্তন মিছিল নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে যান। সেখানে বেলা দেড়টা পর্যন্ত সমাবর্তন মহড়া অনুষ্ঠিত হয়। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। এ ছাড়া ধর্মমন্ত্রী মতিউর রহমান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাবর্তনে স্নাতক পর্যায়ে সাতজন ও স্নাতকোত্তর পর্যায়ে ৮৬ জন গ্র্যাজুয়েটকে ‘গোল্ড মেডেল’ দেওয়া হবে। সমাবর্তনে স্নাতক পর্যায়ে ১ হাজার ৯১৯ জন, স্নাতকোত্তর পর্যায়ে ২ হাজার ৮৫১ জন এবং পিএইচডি ডিগ্রি অর্জনকারী ৩৮ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছেন। সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। শিক্ষার্থী আরিফুল হক বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে সমাবর্তনে অংশ নেওয়ার। সমাবর্তনে অংশ নিতে পারছি বলে নিজেকে ভাগ্যবান মনে করছি। প্রতিবছর যাতে সমাবর্তন হয়, এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’