নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় করা মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়ে ৪ মে ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলার সাক্ষ্য গ্রহণ সপ্তমবারের মতো পেছাল। সেই সঙ্গে মুফতি হান্নান ও নারায়ণগঞ্জ নগর স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত উল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এ আদেশ দেন। মামলার বাদী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী খোকন সাহা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এর আগে ছয় দফা সাক্ষ্য গ্রহণ পেছানো হয়। আমরা মনে করেছিলাম এবারও আসামিদের আনা হবে না। তাই আমরা প্রস্তুত না থাকায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করে। শুনানি শেষে আদালত নতুন তারিখ ঠিক করেন। এ ছাড়া হান্নান ও শাহাদাতের জামিনের আবেদন নামঞ্জুর হয়।’