আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আদালতে অভিযোগ গঠনের তারিখ আবারও পিছিয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল।
মামলার অন্যতম আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থতার জন্য আদালতে হাজির করা হয়নি। এ ছাড়া মামলার আরও কয়েকজন আসামিকেও হাজির না করায় অভিযোগ গঠন হয়নি।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও সরকারপক্ষের আইনজীবী কিশোর কুমার কর প্রথম আলোকে জানান, নির্ধারিত তারিখে অভিযোগ গঠন হয়নি। পরবর্তী তারিখ নির্ধারণ পরে হবে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নিয়ে গত জুন থেকে এ পর্যন্ত মামলাটিতে অভিযোগ গঠনের তারিখ সপ্তমবারের মতো পেছাল।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় তৎকালীন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত করে গত বছরের ১৩ নভেম্বর তৃতীয় পর্যায়ে একটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ নয়জন নতুন করে অভিযুক্ত হন। গত বছরের ২৮ ও ২৯ ডিসেম্বর দুই মেয়র আদালতে আত্মসমর্পণ করলে উভয়কে কারাগারে পাঠানো হয়। গত ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে দুই মেয়রকে সাময়িক বরখাস্ত করে।