আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আদালতে অভিযোগ গঠনের তারিখ আবারও পিছিয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল। মামলার অন্যতম আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থতার জন্য আদালতে হাজির না করায় অভিযোগ গঠন হয়নি।
ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান ২৫ আগস্ট অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও সরকার পক্ষের আইনজীবী কিশোর কুমার কর প্রথম আলোকে জানান, সব আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের জন্য আদালত নতুন তারিখ ধার্য করেছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নিয়ে অভিযোগ গঠনের তারিখ সপ্তমবারের মতো পেছাল। এর আগে ১০ আগস্ট, ৩ আগস্ট, ২৩ জুলাই, ১৪ জুলাই, ৬ জুলাই ও ২১ জুন আলোচিত এ মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল।
গতকাল মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়াও হরকাতুল জিহাদের জঙ্গিসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়েছিল।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।